ঢাকা | জুলাই ২৩, ২০২৬ - ১২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম

রাকাব রাজশাহী জোনে ৪০০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্য

  • আপডেট: Wednesday, July 22, 2026 - 10:21 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) রাজশাহী জোনের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক সেমিনার গতকাল বুধবার নগরীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে জানানো হয়, ২০২৬-২৭ অর্থবছরে রাজশাহী জোনে ৪০০ কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি কৃষক, উদ্যোক্তা ও পরিবেশবান্ধব খাতে ঋণ সম্প্রসারণ, এসএমই ঋণ বৃদ্ধি, ডিজিটাল সেবা উন্নয়ন এবং শ্রেণিকৃত ঋণ ১০ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকাবের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মরতুজা।

তিনি বলেন, কৃষি ও কৃষকের উন্নয়নে নতুন আমানত সংগ্রহ এবং মানসম্মত ঋণ বিতরণে ব্যবস্থাপকদের আরও দক্ষতার সঙ্গে কাজ করতে হবে। সভাপতির বক্তব্যে রাজশাহী জোনাল ব্যবস্থাপক মহব্বত আলী বিশ্বাস জানান, গত অর্থবছরে ৩৫৭ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে ৩৬০ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। এছাড়া আমানত ৫৮৪ কোটি টাকা থেকে বেড়ে ৭১৬ কোটি টাকায় উন্নীত হয়েছে এবং শ্রেণিকৃত ঋণও কমেছে। ২০২৫-২৬ অর্থবছরে রাজশাহী জোন ১৪ কোটি ৫৪ লাখ টাকা মুনাফা অর্জন করেছে।