ঢাকা | জুলাই ২৩, ২০২৬ - ১২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম

ভিকটিমবান্ধব সেবাকে আরও জনমুখী করতে পুলিশ কমিশনারের দিকনির্দেশনা

  • আপডেট: Wednesday, July 22, 2026 - 10:21 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটি সভায় ভিকটিমবান্ধব সেবাকে আরও গতিশীল, মানসম্পন্ন ও জনমুখী করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

বুধবার বেলা ১১টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা সভাপতির বক্তব্যে তিনি এ দিকনির্দেশনা দেন। পুলিশ কমিশনার বলেন, ভিকটিমদের প্রতি সংবেদনশীল ও মানবিক আচরণ নিশ্চিত করার পাশাপাশি দ্রুত, সহজলভ্য ও সমন্বিত সেবা প্রদানই ভিকটিম সাপোর্ট সেন্টারের মূল লক্ষ্য। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

সভায় ভিকটিম সাপোর্ট সেন্টারের সার্বিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ভিকটিমদের জন্য আরও কার্যকর, সমন্বিত ও মানবিক সেবা নিশ্চিতকরণ, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের পারস্পরিক সমন্বয় জোরদারসহ সেবার মানোন্নয়নে গ্রহণযোগ্য পদক্ষেপ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় স্টিয়ারিং কমিটির সদস্যরা ভিকটিম সাপোর্ট কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ দেন।

স্টিয়ারিং কমিটির সভায় জাতীয় মহিলা আইনজীবী সমিতি বিভাগীয় প্রধান অ্যাডভোকেট দিলসেতারা চুনি, মহিলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সালেহা পারভিন ডলি, এডিসি’র প্রজেক্ট কো-অর্ডিনেটর এস. এম. আহসান উল্লাহ সরকার রিপন, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের কো-অর্ডিনেটর অ্যাডভোকেট সামিনা বেগম, মেরী স্টোপস বাংলাদেশের ক্লিনিক ম্যানেজার তুষার চন্দ্র মাহাতো, ইউসেপ রাজশাহী টেকনিক্যাল স্কুলের প্রধান খানুজ্জামান, অর্গানাইজেশন ফর লিগ্যাল অ্যাসিসট্যান্স অ্যান্ড রাইটসের (ওলার) সামসুন্নাহার (মুক্তি) এবং রাজশাহী সিএমএম কোর্টের প্রবেশন অফিসার তারেক এলাহীসহ অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মনিরুল ইসলামসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও আরএমপির সকল থানার অফিসার ইনচার্জ এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সভায় অংশ নেন। সভায় ভিকটিম সাপোর্ট কার্যক্রমকে আরও কার্যকর, সমন্বিত ও সেবামুখী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।