ফের চালু হচ্ছে রাবি স্টেশন, থামবে তিন আন্তঃনগর ট্রেন
স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে অবশেষে সচল হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেলওয়ে স্টেশন। পরীক্ষামূলক পদক্ষেপ হিসেবে প্রাথমিকভাবে রাতের তিনটি আন্তঃনগর ট্রেন-পদ্মা এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস ও সাগরদাঁড়ি এক্সপ্রেস এই স্টেশনে যাত্রাবিরতি দেবে।
রেলওয়ে কর্তৃপক্ষের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সফল আলোচনা শেষে গত মঙ্গলবার বিকেলে এক সংবাদ ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান।
জানা গেছে, রাবির আইন বিভাগের শিক্ষার্থী ফুরকান আহমেদকে টিটিই কর্তৃক মারধর ও হেনস্তার প্রতিবাদে এবং দোষীর শাস্তিসহ ৪ দফা দাবিতে গত মঙ্গলবার সকাল থেকে রেললাইন অবরোধ করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
ফলে টানা ৮ ঘণ্টা রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন থাকে এবং চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরবর্তীতে বিভাগীয় কমিশনারের মধ্যস্থতায় শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে বিকেল সাড়ে ৩টার দিকে অবরোধ তুলে নেয়া হয়, যার পরপরই রেল চলাচল স্বাভাবিক হয়।
প্রক্টর ড. মাহবুবুর রহমান জানান, শিক্ষার্থীদের ৪ দফা দাবির মধ্যে অন্যতম প্রধান দাবি ছিল স্টেশনটি সচল করা। বিভাগীয় কমিশনার রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে তিনটি ট্রেনের স্টপেজের আশ্বাস দিয়েছেন, যা দ্রুতই বাস্তবায়ন করা হবে।
একই বিষয়ে রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার বলেন, পদ্মা, তিতুমীর ও সাগরদাঁড়ি এক্সপ্রেস দিয়ে পরীক্ষামূলকভাবে স্টপেজ চালু হচ্ছে। এটি সফল হলে পর্যায়ক্রমে অন্যান্য ট্রেনের যাত্রাবিরতিও যুক্ত হবে।
তিনি আরও জানান, ট্রেনের সময়সূচি ও প্রাতিষ্ঠানিক বিষয়গুলো চূড়ান্ত করতে আগামী ৬ আগস্ট একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে, যার পরেই আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্তটি কার্যকর করা হবে।











