ঢাকা | জুলাই ২২, ২০২৬ - ১১:২২ অপরাহ্ন

শিরোনাম

রাণীনগরে ৫ গরুসহ আন্তজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

  • আপডেট: Wednesday, July 22, 2026 - 10:19 pm

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তজেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে। এসময় গ্রেফতারকৃতদের বাড়ী থেকে চুরির ৫টি গরু উদ্ধার করা হয়েছে।

গত মঙ্গলবার রাতে বগুড়া ও নাটোর জেলার সিংড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গরুগুলো উদ্ধার করা হয়। এর আগে সিংড়া এলাকা থেকে চোর চক্রের আরো ৩ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন, গত ১০ জুলাই রাতে উপজেলার গোনা দিঘীরপার পশ্চিমপাড়া গ্রামের খোকন সরদারের গোয়াল ঘর থেকে ৩টি গরু চুরির ঘটনা ঘটে।

এঘটনায় খোকন সরদার ১২ জুলাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা তদন্তে তথ্য প্রযুক্তির সহায়তায় গত ১৫ জুলাই নাটোর জেলার সিংড়া এলাকা থেকে হাবিবুর রহমান (৪২), ফেরদৌস হোসেন (২৬) ও আসলাম দেওয়ান (৪৩) কে গ্রেফতার করা হয়। এরপর গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার আদমদীঘি থানার সান্তাহার কোমল দোগাছী গ্রামের মৃত- আলাউদ্দীনের ছেলে গোলাম রব্বানী ওরফে রাব্বানী ওরফে রাব্বানী পাখিটার (৩৯) কে বগুড়া থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার গোলাম রাব্বানীর দেয়া তথ্য মতে ওই রাতেই নাটোর জেলার সিংড়া উপজেলার হাট তাজপুর গ্রামের পতিত চন্দ্র হালদারের ছেলে সুজীত চন্দ্র ওরফে অজিত চন্দ্র হালদার (৪০) এবং একই উপজেলার বড় বাড়ুইহাটি গ্রামের সুমেন রাজ বংশির ছেলে সুচন্দন রাজ বংশি ওরফে সজল (২৭) এর বাড়ীতে অভিযান পরিচালনা করে এই দুই জনকে গ্রেফতারসহ তাদের বাড়ী থেকে চুরির ৫টি গরু উদ্ধার করা হয়। উদ্ধার গরুগুলো বিভিন্ন এলাকা থেকে চুরি করে তাদের বাড়িতে রেখেছিলো। তবে উদ্ধার গরুর মালিকদের খুঁজে বের করার চেষ্টা চলছে। গ্রেফতারকৃতদের গতকাল বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।