রুয়েটের ই-লাইব্রেরিতে যুক্ত হলো ৩০ হাজার ই-বুক
স্টাফ রিপোর্টার: অনলাইন শিক্ষা ও গবেষণাকে আরও সমৃদ্ধ করতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কেন্দ্রীয় লাইব্রেরির ওয়েবসাইটে যুক্ত হলো প্রকৌশল বিদ্যার প্রায় ৩০ হাজার ই-বুক এবং ১৯৮টি শীর্ষ সারির ই-জার্নাল।
মঙ্গলবার রুয়েটের ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান মাহাবুবুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়, এখন থেকে রুয়েটের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ক্যাম্পাসের আইপি (ওচ) ব্যবহার করে লাইব্রেরির প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (www.library.ruet.ac.bd) থেকে বিনামূল্যে এসব ডিজিটাল বই ও জার্নাল পড়তে এবং ডাউনলোড করতে পারবেন। ডেক্সটপ, ল্যাপটপ কিংবা স্মার্টফোন থেকেও এই ই-রিসোর্স ব্রাউজ করার সুবিধা রাখা হয়েছে।











