ঢাকা | অগাস্ট ১২, ২০২৬ - ৮:১০ অপরাহ্ন

ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সহায়তা অব্যাহত থাকবে: মিলন

  • আপডেট: Tuesday, July 21, 2026 - 10:44 pm

স্টাফ রিপোর্টার: সংসদ সদস্য অ্যডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেছেন, ‘দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সরকারের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। অসহায় মানুষের ঘর মেরামত ও পুন:নির্মাণে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। কোনো পরিবার যেন দুর্যোগের কারণে দীর্ঘদিন মানবেতর জীবনযাপন না করে, সে বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে। স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে তাদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে। মানুষের দুর্ভোগ কমিয়ে নিরাপদ ও স্বাভাবিক জীবন নিশ্চিত করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।’

পবা উপজেলা পরিষদ চত্বরে গতকাল মঙ্গলবার  দুপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় ১৫টি পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পবা উপজেলার কাটাখালী পৌরসভার হাজরাপুকুর এলাকার শিউলী বেগম। তিনি বলেন, ‘এক ছেলে আর স্বামীকে নিয়ে রেললাইনের পাশে সরকারি জায়গায় থাকি। স্বামী কৃষিকাজ করেন। কোনো রকমে সংসার চলে। এই সামান্য আয় দিয়ে ঘরের টিন পরিবর্তন করা আমাদের জন্য অনেক কষ্টের। সামান্য বৃষ্টি হলেই ঘরের ফুটো টিন দিয়ে পানি ঢুকে সব ভিজে যায়। কত রাত যে বৃষ্টির পানিতে কষ্ট করে কাটিয়েছি, তার কোনো হিসাব নেই।’ ‘আজ দুই বান্ডিল টিন আর ছয় হাজার টাকা পেয়েছি। এবার ঘরের টিনগুলো ঠিক করতে পারব। বৃষ্টি হলে আর ঘরের ভেতর পানি ঢুকবে না। আমার অনেক উপকার হলো। সরকারের প্রতি আমি অনেক খুশি ও কৃতজ্ঞ।’

এই বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল ইসলাম বলেন, ২০২৫-২৬ অর্থবছরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় ১৫টি পরিবারের মধ্যে মোট ৩০ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়েছে। প্রতিটি বান্ডিলের মূল্য তিন হাজার টাকা হিসেবে গৃহনির্মাণের জন্য মোট ৯০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ।