ঢাকা | জুলাই ২২, ২০২৬ - ১২:৪০ পূর্বাহ্ন

শিরোনাম

৩ দফা দাবিতে রাজশাহী চিনিকলে শ্রমিকদের কর্মসূচি শুরু

  • আপডেট: Tuesday, July 21, 2026 - 10:52 pm

স্টাফ রিপোর্টার: মজুরি কমিশন বাস্তবায়নসহ ৩ দফা দাবিতে নতুন আন্দোলনে নেমেছেন রাজশাহী চিনিকলের শ্রমিক-কর্মচারীরা।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে রাজশাহী চিনিকলের প্রশাসনিক ভবনের সামনে এক ফটকসভা অনুষ্ঠিত হয়। আগামী ২৩ জুলাই পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের এই প্রতিবাদ চলবে।

রাজশাহী চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাসুদ রানা। শ্রমিক নেতারা জানান, চিনিকলের অর্ধেকের বেশি শ্রমিক মৌসুমি হওয়ায় বছরজুড়ে কাজ পান না। অথচ দক্ষতা অর্জন করলেও তাদের পদোন্নতি বা স্থায়ী নিয়োগ দেওয়া হয় না। এছাড়া সরকারি অন্যান্য কর্মচারীরা মহার্ঘ্য ভাতা পেলেও শ্রমিকরা বঞ্চিত হচ্ছেন।

শ্রমিকদের উল্লেখযোগ্য দাবির মধ্যে রয়েছে মৌসুমি যোগ্য শ্রমিকদের পদোন্নতি ও স্থায়ী পদে সমন্বয় করা। পাঁচ বা ১০ বছর পরপর পদোন্নতির মাধ্যমে দক্ষ জনবল তৈরি করা। গত বছরের ১ জুলাই ঘোষিত ১৫% বিশেষ সুবিধা এবং পে-কমিশনের আদলে দ্রুত ‘মজুরি কমিশন’ বাস্তবায়ন।