ঢাকা | জুলাই ২১, ২০২৬ - ১০:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম

বিএনপি আন্দোলন সংগ্রামকে ভয় পায় না: এমপি চাঁদ

  • আপডেট: Monday, July 20, 2026 - 10:19 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ বলেছেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আন্দোলন সংগ্রামকে ভয় পায় না। বিএনপি কৃষক শ্রমিক মেহনতি মানুষের দল। আমি তাদের সফরসঙ্গী হিসেবে থাকবো।”

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সমালোচনা করে তিনি বলেন, “আমরা শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলাম। পরে ছাত্র জনতার আন্দোলন থামাতে হুকুম দিয়ে হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারা হয়েছে। তাতেও তার শেষ রক্ষা হয়নি। তাকেসহ তার দলের অধিকাংশ নেতাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে।”

রাজশাহীর বাঘায় শাহদৌলা সরকারি কলেজে সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে সংবর্ধনা এবং স্নাতক (সম্মান) শ্রেণির কোর্স সমাপনী উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী দল শেখ হাসিনার পা ধরে সালাম করে মাত্র ৩টা সিট পেয়েছিল। আর বিএনপি দেশের মানুষের কল্যাণে আন্দোলন সংগ্রাম করে এখনো টিকে আছে।”

এমপি চাঁদ বলেন, “বেকারত্ব একটা অভিশাপ। ভালোভাবে লেখাপড়া করে বেকারত্ব দূর করতে হবে। বিএনপি সরকারের আমলে চাকরির জন্য কোন টাকা-পয়সা খরচ করতে হবে না। মেধার জোরে চাকরি হবে।” তিনি দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই কলেজে লেখাপড়া করতে আসা শিক্ষার্থীদের জন্য ছাত্রাবাস করে দেওয়া, জলাবদ্ধতা নিরসনে খেলার মাঠ সংস্কার এবং দূরের শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালুর আশ্বাস দেন।

প্রভাষক আব্দুল হানিফের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতি কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বিদায়ী ও বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “নৈতিকতা ও জ্ঞানের দীপ্ত আলো ছড়িয়ে কলেজের সুনাম রক্ষা করবে বলে আশা করছি।” তিনি কলেজে একটি বহুতল ভবন নির্মাণের দাবি জানান। অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, সাবেক সভাপতি সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন ও সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকারসহ কলেজের শিক্ষক- শিক্ষার্থী উপস্থিত ছিলেন।