ঢাকা | জুলাই ১৯, ২০২৬ - ৩:২৩ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’-এর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মিনু

  • আপডেট: Saturday, July 18, 2026 - 10:24 pm

স্টাফ রিপোর্টার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ঘোষিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে রাজশাহীতে নবনির্মিত ‘নজরুল ভিলেজ’-এর ফলক উন্মোচন ও নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার বেলা ১১টায় রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার বিপরীতে অবস্থিত এই নজরুল ভিলেজের ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ফলক উন্মোচন শেষে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, কবি কাজী নজরুল ইসলাম কেবল আমাদের গর্বই নন, তিনি মুসলিম রেনেসাঁর এক অনন্য রূপকার। তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ স্থাপনের ফলে নজরুল গবেষকদের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং স্থানীয় সাংস্কৃতিক চর্চা আরও বেগবান হবে। এ সময় মন্ত্রী আশ্বাস দেন যে, ‘নজরুল ভিলেজ’-এর কাজ পুরোপুরি সম্পন্ন হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজশাহীতে নিয়ে এসে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করানো হবে।

রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীসমাজ এবং সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবৃন্দ উপস্থিত ছিলেন। ফলক উন্মোচন ও আলোচনা শেষে জাতীয় কবির রুহের মাগফেরাত কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে মন্ত্রী নজরুল ভিলেজ চত্বরে একটি কৃষ্ণচূড়ার চারা রোপণ করেন।

অনুষ্ঠানে প্রকল্পের বিস্তারিত তুলে ধরে জানানো হয়, নজরুল ভিলেজ বাস্তবায়নের জন্য প্রাথমিকভাবে বিভিন্ন উৎস থেকে ২৫ লাখ টাকার একটি তহবিল সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে মূল ‘নজরুল মঞ্চ’ নির্মাণের জন্য ১০ থেকে ১২ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রস্তাবিত এই স্থানে কোনো বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে না, বরং এটি সর্বসাধারণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে। যে-কোনো দল বা গোষ্ঠী যে-কোনো সময় এখানে এসে নজরুলের নাটক, পালাগান এবং সাহিত্যের বিভিন্ন শাখার মুক্ত চর্চা করতে পারবেন।

নজরুল চর্চাকে একটি সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে আনতে ইতোমধ্যে একটি ‘নজরুল ক্যালেন্ডার’ ঘোষণা করা হয়েছে। এই ক্যালেন্ডার অনুযায়ী সারা বছর জুড়েই এখানে নিয়মিত নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। আগামী মাসের নির্ধারিত অনুষ্ঠানগুলো যাতে এই প্রাঙ্গণেই করা যায়, সে লক্ষ্যে আপাতত ‘নজরুল মঞ্চ’-এর নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, কবিতা ও গান নতুন প্রজন্মের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দেয়ার লক্ষ্যেই এই নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যার মূল কেন্দ্রবিন্দু হিসেবে এই ‘নজরুল ভিলেজ’-এ নির্মিত হচ্ছে ‘নজরুল মঞ্চ’ এবং একটি সমৃদ্ধ ‘নজরুল কর্নার’।

রাজশাহী সরকারি পলিটেকনিকে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন:

এদিকে, রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে নতুন একাডেমিক ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কার্যক্রমের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

প্রধান অতিথি প্রথমে নতুন একাডেমিক ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর সরকারের দেশব্যাপী ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে একটি চারা রোপণ করে সবুজায়ন কার্যক্রমের সূচনা করেন। সবশেষে তিনি ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর নবনির্মিত কার্যালয়ের ফলক উন্মোচন করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন একাডেমিক ভবনটি নির্মিত হলে শিক্ষার্থীদের তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষার পাশাপাশি আধুনিক প্রযুক্তিগত প্রশিক্ষণের সুযোগ আরও প্রসারিত হবে। একই সাথে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন তারা।

এছাড়া অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয় চালু হওয়ায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা, ইনস্টিটিউটের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।