বৃষ্টি ও বন্যায় রাজশাহীর বাজারে সবজির দাম চড়া
স্টাফ রিপোর্টার: টানা বৃষ্টি ও দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার প্রভাবে রাজশাহীর বাজারে সবজির দাম আকাশছোঁয়া হয়ে উঠেছে। সরবরাহ কমে যাওয়ায় সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বাজারে সবচেয়ে বেশি বেড়েছে বেগুনের দাম। তবে মাছ, চাল ও গরুর মাংসের বাজার আগের মতোই স্থিতিশীল রয়েছে।
শনিবার সকালে নগরীর সাহেববাজার ও আশপাশের বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে ৬০-৭০ টাকা কেজি দরে বিক্রি হওয়া বেগুন আজ বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়। শসা কেজিতে ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। এছাড়া কাঁচা মরিচ ১১০-১২০ টাকা, টমেটো ও গাজর ২০০-২১০ টাকা, করলা ৮০ টাকা এবং পটল, ঢেঁড়স, চিচিঙ্গা ও ঝিঙে ৪৫-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিম ও মুরগির বাজারেও কিছুটা ঊর্ধ্বগতি দেখা গেছে; ব্রয়লার মুরগি ১৭০-১৮০ টাকা এবং সোনালি মুরগি ২২০-২৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অপরদিকে রুই, কাতল, চাষের কৈ ও শিং মাছের দাম গত সপ্তাহের মতোই অপরিবর্তিত রয়েছে।
বাজার করতে আসা আলুপট্টি এলাকার বাসিন্দা হামিদুল ইসলাম ও মাস্টারপাড়ার হায়দার আলী জানান, এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সংসারের খরচ মেলাতে সাধারণ মানুষকে হিমশিম খেতে হচ্ছে। সাহেববাজারের সবজি বিক্রেতা সুমন ও রকি জানান, সারাদেশে বন্যা ও টানা বৃষ্টির কারণে মোকাম থেকে সবজির সরবরাহ অনেক কমে গেছে। বেশি দামে কিনতে হওয়ার কারণে খুচরা বাজারেও দাম বেড়েছে। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত দাম কমার সম্ভাবনা কম বলে জানান তারা।











