ঢাকা | জুলাই ১৯, ২০২৬ - ১২:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম

আগামী দিনে দেশের হাল তোমাদেরই ধরতে হবে, শিক্ষার্থীদের রাসিক প্রশাসক

  • আপডেট: Saturday, July 18, 2026 - 10:28 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি রাজশাহী মহানগরের উদ্যোগে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও গুরুদায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, নিজেদের দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলে আগামী দিনে দেশের হাল তোমাদেরই ধরতে হবে। তিনি আরও বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের মেধা ও মননশীল বিকাশে শিক্ষক-অভিভাবক সকলকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। শিক্ষার পাশাপাশি শিশুকে খেলাধুলার সুযোগ দিতে হবে।

মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরে রাসিক প্রশাসক ঘোষণা দেন, শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে আগামীতে মেয়র শিক্ষা বৃত্তি প্রদান করা হবে। মেধাবী শিক্ষার্থীদের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় মেয়র শিক্ষা পদক প্রদান করা হবে। এছাড়া নগরীর চিত্তবিনোদন কেন্দ্রগুলোর আধুনিকায়নের কথা উল্লেখ করে তিনি বলেন, রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানাকে আরও আকর্ষণীয় করতে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি শহিদ জিয়া শিশু পার্কের উন্নয়ন করা হবে।

পৌরসেবা, নিজের ওপর অর্পিত দায়িত্ব ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয়ে মাহফুজুর রহমান রিটন বলেন, এ মহানগরীকে এগিয়ে নিতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি সততা ও নিষ্ঠার সাথে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছি। এ সময় পরিবেশ সুরক্ষায় রাষ্ট্রীয় উদ্যোগের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী নগরীতে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এই সবুজ নগরীকে আরও দৃষ্টিনন্দন করতে তিনি নগরীর প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানান।

কিন্ডারগার্টেন সোসাইটি রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি রাজশাহী বিভাগের সভাপতি গোলাম সারওয়ার স্বপন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি রাজশাহী বিভাগের সচিব ইয়াকুব আলী, সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য শেখ সাদী মোহাম্মদ আলী এবং পিনাকল স্টাডি হোমের সভাপতি ও লফস-এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন লাকী। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে সঞ্চালনা করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি রাজশাহী মহানগরের সচিব ফারুক হোসেন।

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতামূলক সেমিনার:

এদিকে, রাজশাহীতে বন্যপ্রাণী সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে রাজশাহী নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে বাংলাদেশ অ্যানিম্যালস অ্যালাইজ ভলান্টিয়ার্স (বিএএভি)-এর উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণীর ভূমিকা অনস্বীকার্য। জীববৈচিত্র্য সংরক্ষণে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এর জন্য সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. হেমায়েতুল ইসলাম আরিফ এবং সেভ দ্য নেচার অ্যান্ড লাইফ-এর চেয়ারম্যান মিজানুর রহমান। বক্তারা অবৈধভাবে বন্যপ্রাণী শিকার ও পাচার রোধে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং বন্যপ্রাণী ও প্রকৃতি রক্ষায় তরুণ সমাজকে আরও বেশি সম্পৃক্ত করার ওপর জোর দেন। সেমিনারে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, পরিবেশকর্মী ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।