ঢাকা | জুলাই ১৭, ২০২৬ - ১:২৩ পূর্বাহ্ন

রাজশাহীতে শ্রদ্ধা ও ভালোবাসায় জুলাই-আগস্ট শহিদদের স্মরণ

  • আপডেট: Thursday, July 16, 2026 - 10:32 pm

স্টাফ রিপোর্টার: ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার রাজশাহীতে সরকারি ও বেসরকারি উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি ঘিরে মহানগরীর সিঅ্যান্ডবি মোড়ে অবস্থিত শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও স্মরণসভার আয়োজন করা হয়। জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের আদর্শ ধারণ করে একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন:

জুলাই শহিদ দিবস উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় নগরীর সিঅ্যান্ডবি মোড়ে অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এসময় তিনি জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য কামনা করেন। পরে জুলাই শহিদ পরিবারের সদস্যবৃন্দ ও জুলাই যোদ্ধাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করে রাসিক কর্মচারী ইউনিয়ন। অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া দিবসটি স্মরণে নগরীর বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া:

সকাল ১০টায় রাজশাহীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার আ.ন.ম বজলুর রশীদ। সভায় জুলাই আন্দোলনের শহিদ আলী রায়হানের বাবা মুসলিম উদ্দীন এবং শহিদ মিনারুলের স্ত্রী নূরে ইসলাম খাতুন তাঁদের স্মৃতিচারণ করেন এবং শহিদ পরিবারের পাশে রাষ্ট্রের সহায়তার আহ্বান জানান। জুলাই যোদ্ধারা আন্দোলনের স্মৃতি তুলে ধরে বৈষম্যহীন দেশ গড়ার অঙ্গীকার করেন। সভায় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, এনসিপি মহানগর আহ্বায়ক মোবাশ্বের আলী, রাজশাহী বার সমিতির সভাপতি আবুল কাশেমসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ। শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

১১ দলীয় ঐক্যের শোক র‌্যালি:

১৬ জুলাই শহিদ আবু সাইদের শাহাদৎ বার্ষিকী ও শহিদ দিবস উপলক্ষে ‘১১ দলীয় ঐক্য’ রাজশাহী মহানগরী শোক র‌্যালির আয়োজন করে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর হেতেম খাঁ বড় মসজিদের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে গণকপাড়া মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের এমপি ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে এবং জসিম উদ্দিন সরকারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগরী জামায়াতের নায়েবে আমীর অ্যাড. আবু মোহাম্মদ সেলিম, ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী, খেলাফত আন্দোলনের মহানগর সভাপতি মাহবুব আলম প্রমুখ।

মহানগর ছাত্রদলের স্মরণসভা:

জুলাই-আগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহিদ, আহত এবং আন্দোলনে অংশ নেওয়া সকলের আত্মত্যাগের স্মরণে রাজশাহী কলেজ অডিটোরিয়ামে স্মরণসভা করেছে মহানগর ছাত্রদল। সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি মামুন-আর-রশিদ মামুন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাসিক প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। আলোচক ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য প্রফেসর ড. এস. এম. আব্দুর রাজ্জাক। মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিব রায়হান রবিনের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, জুলাই-আগস্টের শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শকে ধারণ করেই গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।

লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে স্মরণসভা:

জুলাই শহিদ দিবস উপলক্ষে লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাসিক প্রশাসক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানের শুরুতে তিনি বিদ্যালয়ের প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইরিন জাফরের সভাপতিত্বে সভায় শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের একটি সভাও অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

পবা

পবা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন। বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভুমি মেহেদী হাসান, কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান, পবা বিএনপির আহবায়ক আলী হোসেন, সদস্য সচীব অধ্যাপক আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনসহ জুলাই যোদ্ধাগন। শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

তানোর

তানোর প্রতিনিধি জানান, তানোরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে  জুলাই শহিদ দিবস পালন করা হয়েছে। তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর থানার অফিসার ইনচার্জ এসএম মাসুদ পারভেজ। উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, সরনজাই ইউপির চেয়ারম্যান মোজাম্মেল হক খান, তানোর উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেন, তানোর উপজেলা জামায়াতের নায়েবে আমীর আনিসুর রহমান, তানোর উপজেলা জামায়াতের সেক্রেটারি ডিএম আক্কাস আলী, তানোর পৌরসভা জামায়াতের মেয়র প্রার্থী মাহবুব চৌধুরী, তানোর উপজেলা ছাত্র সমন্নয়ক আব্দুল্লাহ আল মামুন।

গোদাগাড়ী

গোদাগাড়ী প্রতিনিধি জানান, গোদাগাড়ীতে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালিত হয়েছে। তাদের স্মরণে শহীদ মিনারে পুষ্প অর্পণ এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে  আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা, গোদাগাড়ী মডেল  থানার ওসি আতিকুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, উপজেলা জামাতের আমীর নূমায়ন আলী মাস্টার, জুলাই যোদ্ধা মোখলেছুর রহমান মুকুল, মোরসালিন হোসেন প্রমুখ ।

রাণীনগর

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি জানান, যথাযোগ্য মর্যাদায় নওগাঁর রাণীনগর উপজেলায় জুলাই শহিদ দিবস পালন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মখলেছুর রহমান বাবু, সাধারণ সম্পাদক মোসারব হোসেন প্রমূখ। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জুলাই যোদ্ধা এবং উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মান্দা

মান্দা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর মান্দায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশের মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে। উপজেলা পরিষদের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু প্রধান অতিথি ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, প্রধান শিক্ষক গোলাম সোরয়ার স্বপন, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মণ্ডল, ও নওফেল আলী মণ্ডল প্রমুখ বক্তব্য দেন।

পোরশা

পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই শহিদ দিবস-২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস ও থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান। শেষে শহিদদের আত্মার শান্তি ও মাগফেরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলিতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো জানায়, চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে ‘জুলাই শহিদ দিবস’ পালিত হয়েছে। সকালে জুলাই স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও সংগঠনের নেতৃবৃন্দরা। পরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা জেলা প্রশাসকের সভাপতিত্বে অনু্িষ্ঠত হয়।

সভায় বক্তব্য রাখেন, গণঅভ্যূত্থানে অভ্যূত্থানে শহীদ তারেকের বাবা মোঃ আশহাদুল ইসলাম, জুলাই গণঅভ্যূত্থানের লড়াকু সৈনিক ও বৈষম্যবিরোধী আন্দোলন জেলা কমিটির আহবায়ক আব্দুর রাহিম, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, জেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম, জেলা জামায়াতের আমীর আবুজার গিফারী, সিভিল সার্জন একেএম শাহাব উদ্দিন প্রমুখ।

গোমস্তাপুরে
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন ওসি নুরে আলম, উপজেলা প্রকৌশলী আছহাবুল হক, বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র তারিক আহমেদ, সাংবাদিক ও বিএনপি নেতা আসাদুল্লাহ আহমেদ, জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, জুলাই যোদ্ধা রাসেল আলী ও আল মামুনসহ অন্যরা। এছাড়া বিকেলে  গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর জামায়াতের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সোনালী/জগদীশ রবিদাস