ঢাকা | জুলাই ১৩, ২০২৬ - ১২:০০ পূর্বাহ্ন

মোহনপুরে হত্যা মামলার দুই আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

  • আপডেট: Sunday, July 12, 2026 - 9:22 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর মোহনপুর উপজেলায় আব্দুর রাজ্জাক হত্যা মামলার দুই আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল রোববার দুপুরে র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গত শনিবার দিবাগত রাতে রাজধানীর আদাবর থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন- মোহনপুর উপজেলার হরিহরপাড়া গ্রামের মকবুল হোসেন (৫০) এবং তার ছেলে শাহিনুর রহমান ওরফে বুলবুল (৩০)।

র‌্যাব-৫ জানায়, গত ২৭ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোহনপুরের হরিহরপাড়া গ্রামে গাছের আম চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের হামলায় বাঁশের লাঠি ও ইটের আঘাতে গুরুতর আহত হন আব্দুর রাজ্জাকসহ কয়েকজন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রাজ্জাককে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে মো. রাজু বাদী হয়ে মোহনপুর থানায় ৮জনের নাম উল্লেখ করে এবং আরও চার থেকে পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তার দুজন এই মামলার এজাহারভুক্ত আসামি।

র‌্যাব জানায়, র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানি এবং র‌্যাব-২-এর একটি যৌথ আভিযানিক দল গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার আদাবরের রিং রোডের আজমেমি লাইভ এলাকা থেকে শাহিনুর রহমান ওরফে বুলবুলকে গ্রেপ্তার করে। পরে রাত পৌনে ১১টার দিকে আদাবরের ২ নম্বর রিং রোডে আল মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে মকবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া দুই আসামি হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।