ঢাকা | জুলাই ১৩, ২০২৬ - ১২:৫১ পূর্বাহ্ন

দুর্গাপুরে এইচএসসি পরীক্ষা খারাপ হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

  • আপডেট: Sunday, July 12, 2026 - 9:36 pm

দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে এইচএসসি পরীক্ষা খারাপ হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক কলেজছাত্রী। গতকাল রোববার দুপুর ২টার দিকে উপজেলার পানানগর ইউনিয়নের গুনাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দিশা রানী মহন্ত গুনাজিপাড়া গ্রামের দ্বিজেন্দ্রনাথ মহন্তের মেয়ে। তিনি পুঠিয়া উপজেলার ধোকড়াকুল ডিগ্রি কলেজ এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রোববার দুপুরে নিজ কক্ষের সিলিংয়ের আড়ার সঙ্গে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দেয় দিশা। পরে তার মা বিষয়টি দেখতে পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দিশার চাচা প্রশান্ত কুমার জানান, গত বছর আইসিটি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর থেকেই দিশা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এ বছর আবারও পরীক্ষায় অংশ নিলেও পরীক্ষা ভালো হয়নি বলে তিনি হতাশায় ভুগছিলেন। তাদের ধারণা, সেই হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে জানা গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।