ঢাকা | জুলাই ১২, ২০২৬ - ১১:৫৯ অপরাহ্ন

‘জুলাই গণঅভ্যুত্থান ও শহিদ দিবস’ উদযাপনে রাজশাহীতে প্রস্তুতি সভা

  • আপডেট: Sunday, July 12, 2026 - 9:12 pm

স্টাফ রিপোর্টার: ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ এবং ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক জনসম্পৃক্ততার মধ্য দিয়ে পালনের লক্ষ্যে রাজশাহীতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক চেতনা ও আত্মত্যাগের এক অনন্য অধ্যায়। এই দিবসগুলোর মাধ্যমে নতুন প্রজন্মের কাছে শহিদদের অবদান তুলে ধরতে হবে। কর্মসূচিসমূহ সফল করতে তিনি সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈম হাছান ও সিভিল সার্জন ডা. এস. আই. এম. রাজিউল করিম। পুলিশ সুপার তাঁর বক্তব্যে দিবসগুলোর কর্মসূচিতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

সিভিল সার্জন জানান, অনুষ্ঠানসমূহে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিকেল টিম প্রস্তুত থাকবে। অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলীর সঞ্চালনায় সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় দিবস দুটি উদযাপনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।