ঢাকা | জুলাই ১৩, ২০২৬ - ১:১২ পূর্বাহ্ন

রাজশাহীতে পদ্মায় বাড়ছে পানি

  • আপডেট: Sunday, July 12, 2026 - 9:19 pm

স্টাফ রিপোর্টার: ভারতের উজান থেকে নেমে আসা ঢলে রাজশাহীর পদ্মা নদীতে ফিরে এসেছে পানি। গত ২৪ ঘন্টায় রাজশাহী পয়েন্টে পানি বেড়েছে দশমিক ৪৪ সেন্টিমিটার, যা চলতি মৌসুমের সর্বোচ্চ। গতকাল রোববার বেলা ৩টায় রাজশাহী নগরীর টি-বাঁধ এলাকায় পাউবো ১১ দশমিক ০৩ সেন্টিমিটার পানি প্রবাহ পরিমাপ করে। বিপৎসীমা ১৮ দশমিক ৫০ মিটার, সেখান থেকে এখনো অনেক দূরে পদ্মার পানি।

গত বছর আগস্টে পানির উচ্চতা ১৭ দশমিক ৪৩ মিটারে পৌঁছে রাজশাহীর তালাইমারী, কাজলা, পঞ্চবটিসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল। তখন প্রায় ১০০ পরিবার নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়। তবে বর্তমানে বিপৎসীমার ৭ দশমিক ৪৭ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত, পরিস্থিতি এখনো স্বাভাবিক।

রাজশাহী পাউবো সূত্রে জানা গেছে, গেল জুন মাসের শেষের দিক থেকে রাজশাহীর পদ্মায় পানি বাড়তে থাকে। সর্বশেষ গত শনিবার (৪ জুলাই) সকাল ৯টায় পদ্মার পানি ছিল ১০ দশমিক ৫৩ সেন্টিমিটার। তার এক সপ্তাহের মাথায় পদ্মার পানি বেড়েছে ১০ দশমিক ৫৯ সেন্টিমিটারে। ৭ থেকে ৯ জুলাই পর্যন্ত পদ্মার পানি প্রবাহিত হয়েছে ১০ দশমিক ৩৪ সেন্টিমিটার। এই দিনগুলোতে শূন্য দশমিক ৩ সেন্টিমিটার কমে পদ্মার পানি প্রবাহিত হয়। তবে ১০ জুলাই থেকে ফের বাড়তে থাকে পদ্মার পানি। ওইদিন সকাল ৯টায় পদ্মার পানি প্রবাহিত হয়েছে ১০ দশমিক ৪১ সেন্টিমিটারে।

এছাড়াও শনিবার (১১ জুলাই) রাজশাহী পয়েন্টে ১০ দশমিক ৫৯ সেন্টিমিটার পদ্মার পানি প্রবাহিত হয়েছে। গতকাল রোববার সকাল ৯টায় রাজশাহী নগরীর টি-বাঁধ এলাকায় পদ্মার পানি পরিমাপ করে দেখা গেছে ১০ দশমিক ৯০ সেন্টিমিটার।

পদ্মা নদীর বুকে জেগে ওঠা ছোট চরগুলোতে পানিতে বিলীন হতে শুরু করেছে। চর খিদিরপুরের বাসিন্দা নওশাদ আলী বলেন, পদ্মা পানি বাড়তে শুরু করেছে। জেগে উঠা চরগুলো ডুবে যাচ্ছে। ফলে চরের বেশিরভাগ মানুষ প্রস্তুতি শুরু করেছেন। রাজশাহী চর আষাড়িয়াদদ ইউনিয়নের মেম্বার আব্দুল হাই বলেন, পদ্মা নদীতে পানি বাড়তে শুরু করেছে। এতে আতঙ্কের কিছু নাই। কেন না পানি বাড়ছে, তা শুধু মাত্র মাঝ পদ্মায় জেগে উঠা ছোট ছোট চর ডুবে যাচ্ছে, তা দেখেই বোঝা যাচ্ছে। তবে পাড় থেকে এখনও অনেক দুরেই রয়েছে পানি। তিনি বলেন, এসময় পদ্মার পানি বেড়ে যাওয়া খুবই স্বাভাবিক। চরবাসি আগের চেয়ে অনেক সচেতন হয়েছেন। তারা সময়মত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

নৌকার মাঝি নজরুল ইসলাম বলেন, গেল কয়েকদিন ধরেই পদ্মা নদীতে পানি বাড়ছে। নতুন পানির সঙ্গে ভেসে আসছে কুচুরিপানা। কুচুরিপানা আসা মানে পদ্মার পানি বাড়া। আষাঢ় মাস শেষভাগে। পদ্মার পানি কমা-বাড়ার মধ্যে থাকে। শ্রাবণের শেষভাবে এসে প্রচুর পানি বাড়ে। পদ্মাপাড়ের সাতবাড়িয়া এলাকার সাইফুল ইসলাম বলেন, বর্ষা মৌসুমে পদ্মার পানি বাড়ে। তখন কুচুরিপানা ভেসে আসে। বছরের অন্য কোন সময় এভাবে কুচুরিপানা ভেসে আসে না।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হক বলেন, পদ্মার পানি বাড়ছে। যদিও সামান্য, তবুও বাড়ছে। রোববার সকাল ৯টায় রাজশাহী নগরীর টি-বাঁধ এলাকায় পদ্মার পানি পরিমাপ করে দেখা গেছে ১০ দশমিক ৯০ সেন্টিমিটার। আর বেলা ৩টায় পানি পরিমাপ করে দেখা গেছে ১১ দশমিক ০৩ সেন্টিমিটার। রাজশাহীতে পদ্মার বিপৎসীমা হলো ১৮ দশমিক ৫০ মিটার। এর ৭ দশমিক ৬ সিন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।