জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজশাহীতে বিভিন্ন মহলের শোক
স্টাফ রিপোর্টার: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহীর বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাবৃন্দ। পৃথক পৃথক শোক বার্তায় রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক), রাজশাহী জেলা পরিষদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
রোববার এক শোক বার্তায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দেশের আইন, গণতন্ত্র ও সংসদীয় কার্যক্রমে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, সততা, প্রজ্ঞা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অবদান দেশের জনগণ শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
পৃথক এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা)। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করে তিনি বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন দেশের একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ, বিশিষ্ট আইনজীবী ও অভিজ্ঞ সংসদীয় ব্যক্তিত্ব। রাষ্ট্র পরিচালনা, গণতন্ত্রের বিকাশ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর সততা, দেশপ্রেম ও জনকল্যাণে নিবেদিত কর্মময় জীবন আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
এদিকে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। রাবি উপাচার্য প্রফেসর ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ যৌথ এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। রাবি প্রশাসনের শীর্ষ কর্মকর্তাবৃন্দ বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশ এক বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, কৃতি আইনজীবী ও সফল রাষ্ট্রনায়ককে হারালো, যা দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।
উল্লেখ্য, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সংসদ সদস্য ও স্পিকারের দায়িত্ব পালন ছাড়াও বিভিন্ন মেয়াদে গৃহায়ন ও গণপূর্ত, নগর উন্নয়ন, পররাষ্ট্র, ভূমি, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছেন।










