ঢাকা | জুলাই ৯, ২০২৬ - ১১:১৮ অপরাহ্ন

ভূমি অধিগ্রহণে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ ভূমিমন্ত্রীর

  • আপডেট: Thursday, July 9, 2026 - 10:06 pm

সোনালী ডেস্ক: ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করে জনগণের মধ্যে কোনো ধরনের অসন্তোষ সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। একই সঙ্গে প্রাকৃতিক পরিবেশের ক্ষতি কমিয়ে আনা এবং কৃষিজমি যেন অযথা ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫৬তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন। সভায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির পূর্বানুমোদনের জন্য উপস্থাপিত একাধিক ভূমি অধিগ্রহণ প্রস্তাব অনুমোদন দেয়া হয়। এর মধ্যে রয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলার পন্টুন ও সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণের জন্য ১ দশমিক ৪৪ একর, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) গুরুত্বপূর্ণ সড়ক সম্প্রসারণ প্রকল্পের জন্য ০ দশমিক ১৮১ একর এবং গাজীপুর সিটি করপোরেশনের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও বাস-ট্রাক টার্মিনাল নির্মাণের জন্য ১৩ দশমিক ৩৩ একর ভূমি অধিগ্রহণ।

এ ছাড়া গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন সড়ক প্রশস্তকরণ, নর্দমা ও ফুটপাত নির্মাণ প্রকল্পের জন্য ৫ দশমিক ৬৮৮১ একর এবং চট্টগ্রাম ওয়াসার কালুরঘাট এলাকায় পয়ঃশোধনাগার নির্মাণ প্রকল্পের জন্য ৭৪ দশমিক ১১ একর ভূমি অধিগ্রহণের প্রস্তাবও অনুমোদন দেয়া হয়। সভায় জেলা ভূমি বরাদ্দ কমিটির সুপারিশের ভিত্তিতে বিভিন্ন জেলার ৫০ বিঘার বেশি আয়তনের ভূমি অধিগ্রহণ সংক্রান্ত ১৪টি চূড়ান্ত প্রস্তাবও অনুমোদিত হয়।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে যশোরের বেনাপোল স্থলবন্দর সম্প্রসারণ, কুমিল্লা-ময়নামতি থেকে ব্রাহ্মণবাড়িয়ার ধরখার পর্যন্ত জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, সুনামগঞ্জ-হবিগঞ্জ সড়ক নির্মাণ, চট্টগ্রামের পটিয়ায় বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্প, সিরাজগঞ্জের বিভিন্ন সড়ক উন্নয়ন, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের জন্য ১০৩ দশমিক ৭৩ একর ভূমি অধিগ্রহণ, জাইকার অর্থায়নে দক্ষিণ চট্টগ্রাম আঞ্চলিক উন্নয়ন প্রকল্প, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, সিলেট-চারখাই-শেওলা মহাসড়ক উন্নয়ন, দোহাজারী-কক্সবাজার-গুনদুম রেললাইন নির্মাণ এবং ঢাকা-কাঁচপুর-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প। সভায় অনুমোদিত প্রকল্পগুলোর ভূমি অধিগ্রহণ কার্যক্রম যথাযথ নিয়ম অনুসরণ করে জনস্বার্থ, পরিবেশ সংরক্ষণ এবং কৃষিজমি সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাস্তবায়নের ওপর জোর দেয়া হয়।