ঢাকা | জুলাই ৯, ২০২৬ - ১১:০৫ অপরাহ্ন

নওগাঁ ও নাটোরে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

  • আপডেট: Thursday, July 9, 2026 - 10:04 pm

সোনালী ডেস্ক: নওগাঁয় রাণীনগর ও মান্দা উপজেলায় এবং নাটোরের সিংড়া উপজেলায় পৃথক ঘটনায় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাণীনগর উপজেলার মালশন গ্রামের মোহাম্মদ খয়বর আলীর ছেলে সাখাওয়াত হোসেন (৫৫)। মান্দা উপজেলার এলেঙ্গা মৃধাপাড়া এলাকায় তহির সরদারের ছেলে ইসমাইল সরদার (৫০)। রাণীনগর থানার ওসি মোহাম্মদ জাকারিয়া বলেন, গত বুধবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়।

সকালে নিহত সাখাওয়াত হোসেন বাড়ির পাশে তার নিজ জমিতে কৃষিকাজ করছিলেন। হঠাৎ করে বজ্রাঘাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মণ্ডল বলেন, সকালে নিহত ইসমাইল সরদার নিজ জমিতে কাজ করতে যান। সে সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হলে বিকটশব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে নাটোরের সিংড়ায় বজ্রপাতে ইসমাইল হোসেন (৩৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৭ টায় বাড়ির পার্শ্বের বিলে মাছ ধরতে গিয়ে এই ঘটনা ঘটে। নিহত কৃষক উপজেলার ইটালী ইউনিয়নের মুন্সি বাঁশবাড়িয়া গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে।

সূত্রে জানা গেছে, নিহত ইসমাইল হোসেন সকাল ৬ টায় বাড়ির পার্শ্বের দক্ষিণ মাঠে মাছ ধরতে যান। সে সময় মুষলধারে বৃষ্টির সাথে বিকট শব্দে বজ্রপাত হচ্ছিল। সেই বজ্রপাতে তার মৃত্যু হয়। পরে স্থানীয় সিদ্দিক নামের এক প্রতিবেশী কৃষক মাছ ধরতে গিয়ে তার লাশ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। লাশ উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।

সিংড়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত হয়ে লাশ পরিবারের কাজে হস্তান্তর করা হয়েছে।