রাজশাহীতে ল্যাবএইডের ডিপো অবরুদ্ধ করে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার: ল্যাবএইড ফার্মাসিউটিক্যালসের নতুন ব্যবস্থাপনার অধীনে অন্যায় চাকরিচ্যুতি ও গণবদলির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানটির রাজশাহী অঞ্চলে কর্মরত এরিয়া ম্যানেজার ও মেডিকেল প্রমোশন অফিসাররা (এমপিও)।
বিক্ষোভ চলাকালে আন্দোলনরত কর্মীরা রাজশাহী ডিপো অবরুদ্ধ করে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে ল্যাবএইড ফার্মাসিউটিক্যালসের স্থানীয় ওষুধ সরবরাহ ও দাপ্তরিক কার্যক্রম সাময়িকভাবে স্থবির হয়ে পড়েছে।
বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরীর উপশহর এলাকায় অবস্থিত ল্যাবএইড ফার্মাসিউটিক্যালসের ডিপোর সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাঁদের দাবি দাওয়া তুলে ধরেন। বিক্ষোভকারীরা জানান, নতুন ম্যানেজমেন্ট দায়িত্ব নেয়ার পর থেকেই কোনো যৌক্তিক কারণ ছাড়াই সারাদেশে গণহারে চাকরিচ্যুতি ও বদলির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে।
এতে সাধারণ কর্মীদের মধ্যে চরম মানসিক উদ্বেগ ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বর্তমান পরিচালনা পর্ষদের অধীনে আর চাকরি করতে আগ্রহী নন উল্লেখ করে কর্মীরা তাঁদের জমানো প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটির টাকা দ্রুত পরিশোধের দাবি জানান।
কোনো ধরনের ফরমায়েশি বা অযৌক্তিক বদলি না করে, প্রয়োজন হলে সরাসরি নিয়মমাফিক টার্মিনেশন লেটার দেয়ার আহ্বান জানিয়ে দ্রুত সময়ের মধ্যে যৌক্তিক দাবিগুলো মেনে নেয়া না হলে, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামীতে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ল্যাবএইড ফার্মাসিউটিক্যালসের রাজশাহী ডিপোর কর্মকর্তা-কর্মচারীরা।











