ঢাকা | জুলাই ২, ২০২৬ - ১:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম

প্রশাসন, পুলিশ ও পররাষ্ট্রসহ বিভিন্ন ক্যাডারে রুয়েটের ২৮ শিক্ষার্থীর সাফল্য

  • আপডেট: Wednesday, July 1, 2026 - 10:37 pm

রুয়েট প্রতিনিধি: ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে আবারও সাফল্যের গৌরবোজ্জ্বল স্বাক্ষর রেখেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ২৮ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। প্রশাসন, পুলিশ, পররাষ্ট্র, কর, কাস্টমস, পরিবার পরিকল্পনা ও রেলওয়ে প্রকৌশলসহ একাধিক গুরুত্বপূর্ণ ক্যাডারে তাঁদের এই সাফল্য রুয়েট পরিবারে নতুন আনন্দের জোয়ার এনে দিয়েছে। প্রকৌশল বিষয়ের শিক্ষার্থীদের মধ্যে বিসিএসের সাধারণ ক্যাডারগুলোতে এমন উল্লেখযোগ্য সাফল্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সুপারিশপ্রাপ্তদের ক্যাডারভিত্তিক বিন্যাসে দেখা গেছে, এবার প্রশাসন ক্যাডারে ৭ জন, পুলিশ ক্যাডারে ৬ জন, পররাষ্ট্র ক্যাডারে ২ জন, কর (ট্যাক্স) ক্যাডারে ৪ জন, পরিবার পরিকল্পনা ক্যাডারে ৪ জন, শুল্ক ও আবগারি (কাস্টমস) ক্যাডারে ৩ জন এবং রেলওয়ে প্রকৌশল ক্যাডারে ২ জন শিক্ষার্থী নিয়োগের সুপারিশ পেয়েছেন। বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে এগিয়ে রয়েছে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগ। এই বিভাগ থেকে সর্বোচ্চ ১০ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাডারে সুপারিশ পেয়েছেন। এছাড়া যন্ত্রকৌশল বিভাগ থেকে ৫ জন, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগ থেকে ৪ জন এবং পুরকৌশল বিভাগ থেকে ৩ জন শিক্ষার্থী সাফল্যের তালিকায় স্থান করে নিয়েছেন। পাশাপাশি ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং এবং মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে একজন করে শিক্ষার্থী ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

এবারের ফলাফলে রুয়েটের সবচেয়ে বড় ও গৌরবময় অর্জন এসেছে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষার্থী হাসান মাহমুদ তুর্য্যের মাধ্যমে। তিনি পুলিশ ক্যাডারে জাতীয় মেধা তালিকায় তৃতীয় (৩য়) স্থান অর্জন করার কৃতিত্ব দেখিয়েছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী একাধিক বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়ে তাঁদের ধারাবাহিক সাফল্যের অনন্য নজির স্থাপন করেছেন। টানা তিনটি বিসিএসে সুপারিশপ্রাপ্তির গৌরব অর্জন করা যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী মো. নাঈম কবির তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, বিসিএসে ভালো ফল করতে হলে পরিকল্পিত প্রস্তুতি, নিয়মিত অনুশীলন এবং ধৈর্যের কোনো বিকল্প নেই। নিজের দুর্বল দিকগুলো চিহ্নিত করে সেগুলোর ওপর বিশেষ কাজ করতে হবে। বিশেষ করে লিখিত পরীক্ষায় উপস্থাপনার দক্ষতা ভালো ফলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধারাবাহিকভাবে নিষ্ঠার সাথে চেষ্টা চালিয়ে গেলে সফলতা অর্জন সম্ভব।

উল্লেখ্য, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) গত রোববার (২৮ জুন) ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। এতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ১ হাজার ৫২১ জনকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। এর আগে ২০২৪ সালের ২৮ নভেম্বর প্রকাশিত ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তিতে ৩ হাজার ৬৮৮টি শূন্য পদের কথা উল্লেখ করা হয়েছিল (যার মধ্যে ৩ হাজার ৪৮৭টি ক্যাডার ও ২০১টি নন-ক্যাডার পদ)। প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন প্রার্থী। দেশের আটটি বিভাগীয় শহরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর ৩ হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নেন এবং চূড়ান্তভাবে এই ফলাফল প্রকাশ করা হয়।

৪৭তম বিসিএসে রুয়েট শিক্ষার্থীদের এই অভাবনীয় অর্জনে বিশ্ববিদ্যালয়জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এই সাফল্যকে রুয়েটের দীর্ঘদিনের শিক্ষাগত উৎকর্ষের ধারাবাহিকতা হিসেবে দেখছেন। তাঁদের প্রত্যাশা, আগামীদিনেও রুয়েটের শিক্ষার্থীরা রাষ্ট্রের নীতি-নির্ধারণী ও গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে দায়িত্বশীল ভূমিকা পালন করে বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও উজ্জ্বল করবেন।