বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সামার সেশনের ভর্তি পরীক্ষা সম্পন্ন
প্রেস বিজ্ঞপ্তি: শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘সামার-২০২৬’ সেশনের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এই পরীক্ষায় দেশের বিভিন্ন জেলা থেকে আসা বিপুলসংখ্যক ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বুধবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা ৪০ মিনিট পর্যন্ত বিভিন্ন বিভাগের অধীনে এই লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়। সকালে ইংরেজি ও অর্থনীতি বিভাগের পরীক্ষার মাধ্যমে কার্যক্রম শুরু হয়ে পর্যায়ক্রমে রাষ্ট্রবিজ্ঞান, নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ব্যবসায় প্রশাসন, জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ এবং সবশেষে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ও সমাজবিজ্ঞান বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কড়া নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করে। পরীক্ষা চলাকালীন সার্বিক পরিবেশ পরিদর্শন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্যা, রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.) প্রক্টর ডা. আব্দুল আউয়ালসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানগণ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মেধা ও যোগ্যতার ভিত্তিতেই এই সেশনে শিক্ষার্থী ভর্তি করা হবে এবং ফলাফল নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।











