ঢাকা | জুলাই ২, ২০২৬ - ১২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম

নিরাপদ রাজশাহী গড়তে পুলিশ কাজ করছে: ভূমিমন্ত্রী মিনু

  • আপডেট: Wednesday, July 1, 2026 - 10:35 pm

আরএমপি’র ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী:

স্টাফ রিপোর্টার: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী মহানগরীকে আগামী দিনে আরও নিরাপদ, শান্ত ও আদর্শ বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলা হবে। আইন অমান্যকারী ও অপরাধীদের কঠোর হস্তে দমন করে ভালো মানুষদের জন্য এই নগরীকে সম্পূর্ণ নিরাপদ করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় আরএমপি’র ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুলিশ সদর দপ্তরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভূমিমন্ত্রী তাঁর বক্তব্যে স্মরণ করেন যে, ৩৪ বছর আগে বেগম খালেদা জিয়া আরএমপি প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকে আজ পর্যন্ত নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে আরএমপি কাজ করে যাচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আইন-শৃঙ্খলা রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। দেশের মানুষ যাতে নিরাপদ ও নির্বিঘ্নে বসবাস করতে পারে, সে লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান এবং রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন।

বক্তব্য শেষে অতিথিরা আরএমপি সদর দপ্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সদর দপ্তরে এসে শেষ হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরএমপি দিনব্যাপী বিভিন্ন কল্যাণমুখী কর্মসূচি গ্রহণ করেছে।