ঢাকা | জুন ৩০, ২০২৬ - ১১:৫৯ অপরাহ্ন

শিরোনাম

কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা

  • আপডেট: Tuesday, June 30, 2026 - 10:39 pm

স্টাফ রিপোর্টার: নাগরিকদের ওপর কোন কর বৃদ্ধি করা ছাড়াই রাজশাহী সিটি কর্পোরেশনের ২০২৬-২০২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি ৬৬ লক্ষ ৩০ হাজার ৬৬৫ টাকা ৮১ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে নগর ভবনের সিটি হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে আয় ও ব্যয় সমপরিমাণ ধরে এ বাজেট ঘোষণা করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

সংবাদ সম্মেলনে রাসিক প্রশাসক বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নাগরিকদের ওপর কোন নতুন কর বা বিদ্যমান কর বৃদ্ধির প্রস্তাব রাখা হয়নি। নাগরিকদের স্বস্তি বজায় রেখে উন্নয়ন কার্যক্রম ও সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এই বাজেট প্রণয়ন করা হয়েছে। আগামী দিনে নাগরিক সুযোগ-সুবিধার প্রতি লক্ষ্য রেখে সম্পূর্ণ বাস্তবতার নিরিখে আয়ের সাথে ব্যয়ের সংগতি রেখে বাজেট প্রণয়ন করা হয়েছে।

তিনি বলেন, ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটের লক্ষ্যমাত্রা ছিলো ৮০৬ কোটি ৬১ লক্ষ ২১ হাজার ২১১ টাকা ৩৬ পয়সা। সংশোধিত বাজেটে এর আকার ৯৩৪ কোটি ৫২ লক্ষ ৮০ হাজার ৪২৩ টাকা ৪৯ পয়সা দাঁড়িয়েছে। আয় ও ব্যয় সমপরিমাণ ধরে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ৯ কোটি ৬৬ লক্ষ ৩০ হাজার ৬৬৫ টাকা ৮১ পয়সা।

সংবাদ সম্মেলনে বক্তব্যে তিনি তাঁর সময়কালে রাসিকের ছয়টি বিভাগের কার্যক্রম এবং নগরীর উন্নয়ন ও নাগরিকসেবা, চলমান উন্নয়ন কাজ, স্বল্প, মধ্য ও দীর্ষমেয়াদের পরিকল্পনা তুলে ধরেন। সংবাদ সম্মেলনের শুরুতে মহান স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন রাসিক প্রশাসক। একই সঙ্গে তিনি ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ গণতান্ত্রিক আন্দোলন এবং  জুলাই গণঅভ্যুত্থানে সকল শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাঁদের রুহের শান্তি কামনা করেন।

সংবাদ সম্মেলনে রাসিক প্রশাসক বলেন, রাজশাহীকে একটি পরিচ্ছন্ন, আধুনিক, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ বাসযোগ্য ও শান্তির মডেল নগরীতে রূপান্তরের লক্ষ্যে আমরা বিভিন্ন উন্নয়ন কর্মসূচি গ্রহণ করে সড়ক, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা, আলোকসজ্জা, স্বাস্থ্যসেবা, শিক্ষা সহায়তা, নগর সৌন্দর্যবর্ধন এবং সবুজায়নে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সিটি কর্পোরেশন ও নাগরিকদের সম্মিলিত প্রয়াসে রাজশাহী মহানগরী উন্নয়ন ও নাগরিক সেবার ক্ষেত্রে দেশের অন্যতম মডেল নগরীতে পরিণত হবে। নগরবাসীর প্রত্যাশা পূরণ, জনদুর্ভোগ লাঘব, পরিবেশ সংরক্ষণ, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং নাগরিক সেবাকে আরও সহজ ও গতিশীল করতে রাজশাহী সিটি কর্পোরেশন অঙ্গীকারবদ্ধ। নাগরিকদের কল্যাণই আমাদের সকল কার্যক্রমের মূল লক্ষ্য ও প্রেরণা।

সংবাদ সম্মেলনে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, রাসিকের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম। সঞ্চালনা করেন সচিব সোহেল রানা। সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকৃবন্দ উপস্থিত ছিলেন।

এদিকে রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত কমিটির বিশেষ সাধারণ সভা (বাজেট) অনুষ্ঠিত হয়েছে। নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। রাজশাহী সিটি কর্পোরেশনের ২০২৫-২০২৬ অর্থ বছরের সংশোধিত বাজেট ও ২০২৬-২০২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের বিশেষ (বাজেট) বিষয়ে বিস্তারিত আলোচনান্তে সর্বসম্মতিক্রমে ২০২৫-২০২৬ অর্থবছরের ৯৩৪ কোটি ৫২ লক্ষ ৮০ হাজার ৪২৩ টাকা ৪৯ পয়সার সংশোধিত বাজেট এবং ২০২৬-২০২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি ৬৬ লক্ষ ৩০ হাজার ৬৬৫ টাকা ৮১ পয়সার প্রস্তাবিত বাজেট অনুমোদিত হয়।