সড়ক পরিবহন গ্রুপের মরণোত্তর চেক প্রদান
স্টাফ রিপোর্টার: রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের উদ্যোগে প্রয়াত পরিবহন মালিকের পরিবারের সদস্যদের মাঝে ৪ লাখ টাকার মরণোত্তর সহায়তার চেক প্রদান করা হয়েছে।
মঙ্গলবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন। সভা সঞ্চালনা করেন সভাপতি রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ মাহবুবুর রশিদ সান্তনু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ ও মহাসচিব উত্তরাঞ্চল সড়ক পরিবহন সমিতি নজরুল ইসলাম হেলাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রয়াত পরিবহন মালিকের পরিবারের হাতে ৪ লাখ টাকার মরণোত্তর সহায়তার চেক তুলে দেন। এ সময় তিনি বলেন, পরিবহন মালিক ও শ্রমিকদের কল্যাণে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ সবসময় মানবিক দায়িত্ব পালনে সচেষ্ট রয়েছে। ভবিষ্যতেও সংগঠনের সদস্য ও তাদের পরিবারের কল্যাণে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। চেক প্রদান অনুষ্ঠানে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নেতৃবৃন্দ, পরিবহন মালিক, শ্রমিক প্রতিনিধি ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।











