ঢাকা | জুন ৩০, ২০২৬ - ১:২০ পূর্বাহ্ন

শিরোনাম

মান্দায় চাকরির প্রলোভনে অর্থ হাতিয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগ

  • আপডেট: Monday, June 29, 2026 - 10:29 pm

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় এক নারীকে উচ্চ বেতনে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ ও প্রয়োজনীয় কাগজপত্র হাতিয়ে নেয়ার পর, এখন ওই নারীকে ধর্মান্তরিত করে বিয়ে করার মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে একটি ভুক্তভোগী পরিবার।

সোমবার দুপুরে মান্দা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলার ভারশোঁ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের বাসিন্দা তনয় কুমার মণ্ডল জানান, তিনি ও তার স্ত্রী সাথী রানী মণ্ডল দীর্ঘদিন ঢাকার সাভারে কর্মরত ছিলেন। কয়েক মাস আগে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাসিন্দা ইসলাম কাজী নামের এক ব্যক্তির সঙ্গে তাদের পরিচয় হয়। ইসলাম কাজী তার স্ত্রী সাথীকে একটি কোম্পানিতে ভালো বেতনে রিসিপশনিস্ট পদে চাকরি দেয়ার প্রস্তাব দেন।

সেই সূত্রে গত ১৯ মার্চ তাদের গ্রামের বাড়িতে এসে চাকরির চুক্তির কথা বলে একটি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেন এবং নগদ ৩০ হাজার টাকাসহ প্রয়োজনীয় কাগজপত্র লুফে নেন। পরবর্তীতে ২৬ মে ভাইভার কথা বলে সাথী রানীসহ কয়েকজন নারীকে চট্টগ্রাম ও কক্সবাজার নিয়ে গিয়ে দুই দিন পর আবার ঢাকায় ফেরত আনা হয়।

তনয় কুমার দাবি করেন, সম্প্রতি তারা চাকরি ছেড়ে গ্রামে ফিরে আসলে, গত রোববার ইসলাম কাজী তাদের বাড়িতে এসে স্থানীয়দের সামনে অপপ্রচার চালান যে সাথী রানী ধর্মান্তরিত হয়ে তাকে বিয়ে করেছেন। ভুক্তভোগী সাথী রানী মণ্ডল বলেন, আমি ধর্মান্তরিত হইনি এবং কাকেও বিয়েও করিনি। এই মিথ্যা প্রচারণায় আমরা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি। ঘটনার সুষ্ঠু তদন্তে তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। অভিযুক্ত ইসলাম কাজীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।