পার্বতীপুরে টিসিবি’র ৫ হাজার উপকারভোগীর অসন্তোষ
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের নির্দিষ্ট সময়ে ব্যাংকে টাকা জমা না দেয়া এবং চাল উত্তোলন না করার কারণে দুটি ইউনিয়নের ৫ হাজার ২৭৩ জন টিসিবি কার্ডধারী সরকারি চাল থেকে বঞ্চিত হয়েছেন। এছাড়া টিসিবি’র মাধ্যমে সরবরাহকৃত অন্যান্য কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান নিয়েও উপকারভোগীদের মাঝে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।
উপজেলা নির্বাহী অফিস ও খাদ্য অফিস সূত্রে জানা গেছে, গত ২৯ জুন রামপুর ইউনিয়নের ২ হাজার ১৪৮ জন এবং পলাশবাড়ী ইউনিয়নের ৩ হাজার ১২৫ জন উপকারভোগীর মাঝে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্যাকেজ পণ্য বিতরণের কথা ছিল।
সরকারি নিয়ম অনুযায়ী ৬৬৮ টাকা মূল্যের এই প্যাকেজে ১ কেজি চিনি, ২ কেজি তেল, ২ কেজি মসুর ডাল, সাবান, ডিটারজেন পাউডারের পাশাপাশি ৫ কেজি চাল অন্তর্ভুক্ত থাকার কথা। কিন্তু ডিলাররা খাদ্য গুদাম থেকে চাল উত্তোলন না করায় কার্ডধারীরা চাল পাননি।
টিসিবি ডিলারদের দাবি, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলাররা গুদাম থেকে চাল উত্তোলন করে তাদের না দেয়ায় তারা বিতরণ করতে পারেননি। অন্যদিকে, টিসিবি’র সাবান, ডিটারজেন ও তেলের মান নিয়ে উপকারভোগীদের মাঝে প্রশ্ন উঠেছে। তাওফা ট্রেডার্সের মালিক তৌহিদুল ইসলাম পণ্যের মান নিয়ে অসন্তোষের কথা স্বীকার করে বলেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
চাল উত্তোলন না করার বিষয়ে পলাশবাড়ী ইউনিয়ন ডিলার আবু জাকারিয়া এবং রামপুর ইউনিয়ন ডিলার মাহবুব আলম দুলাল জানান, নির্দিষ্ট সময়ে ব্যাংকে টাকা জমা দিতে না পারায় তারা চাল তুলতে পারেননি, তবে এতে তাদের কোনো অবহেলা ছিল না। উপজেলা খাদ্য কর্মকর্তা মাসুদার রহমানও বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেন বলেন, উক্ত ডিলারদের বারবার তাগিদ দেয়া সত্ত্বেও তারা যথাসময়ে ডিও (ডেলিভারি অর্ডার) করেননি। অবহেলার কারণে সংশ্লিষ্ট ডিলারদের সতর্ক করা হয়েছে। উল্লেখ্য, উপজেলার ১০টি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ৩১ জন ডিলারের সকলেই স্থানীয় বিএনপি’র নেতাকর্মী।











