ঢাকা | জুন ২৮, ২০২৬ - ৩:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম

পাবনায় নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদ করায় যুবককে গুলি করে হত্যা

  • আপডেট: Saturday, June 27, 2026 - 11:17 pm

পাবনা প্রতিনিধি: পাবনার ভাঁড়ারায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করায় মঞ্জু শেখ (৩৭) নামের এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর গ্রামবাসী দুইজনকে আটকে পুলিশে সোপর্দ করেছে।

গত শুক্রবার দুপুরে পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের জোতকাকুড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মঞ্জু শেখ চরতাপুর ইউনিয়নের আড়িয়া গোহাইলবাড়ি এলাকার মৃত দারোগ আলী শেখের ছেলে।

নিহতের চাচা ও সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রউফ শেখ জানান, জোতকাকুড়িয়া এলাকার পদ্মা নদী থেকে বেশ কিছু দিন ধরে একটি পক্ষ অবৈধভাবে বালু উত্তোলন করছিল। এতে গ্রামবাসীর ফসলি জমি নদীতে বিলীন হচ্ছিল।

শুক্রবার দুপুরে বালু উত্তোলনের সময় গ্রামবাসী বাধা দিলে বালু উত্তোলনকারীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মঞ্জু শেখ মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান জানান, সেখানে কী ঘটেছিল তা তদন্ত করা হচ্ছে। ঘটনার পর স্থানীয়রা দুইজনকে আটক করে গণপিটুনি দেয়। পুলিশ তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।