কদবেলের বাণিজ্যিক চাষে দুই ভাইয়ের সফলতা
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কদবেলের চাষ। পড়াশোনা শেষ করে সরকারি চাকরির আশায় বসে না থেকে দুই কৃষি উদ্যোক্তা ভাই নতুন উদ্যোগে গড়ে তুলেছেন কদবেলের বাগান। জমি থেকেই পাইকাররা ভালো দামে ফল কিনে নিয়ে যাচ্ছেন।
উপজেলার কালিগ্রাম ইউনিয়নের ছাতারদীঘি গ্রামের আফজাল হোসেনের দুই পুত্র আনিছুর রহমান পাইলট ও কৃষি ডিপ্লোমাধারী আতিকুজ্জামান সবুজ। তারা পৈতৃক আড়াই বিঘা জমিতে প্রায় ২৫০টি দেশি জাতের কদবেলের গাছ নিয়ে এই বাগান গড়ে তোলেন। গত বছর এই বাগানের মাত্র ৩০টি গাছ থেকে প্রায় ৯০ হাজার টাকার কদবেল বিক্রি করেছেন তারা।
উদ্যোক্তা আনিছুর রহমান পাইলট জানান, ২০১৩ সালে বিএ পাস করার পর চাকরির বয়স শেষ হয়ে গেলে তিনি বিকল্প কিছু করার কথা ভাবেন। পৈতৃক একটি পুরনো বেল গাছের পরিচর্যা করে ভালো ফলন পাওয়ায় তিনি ২০১৯ সালে এই বাগান করার সিদ্ধান্ত নেন। রাঙ্গামাটি থেকে চারা এনে রোপণের পর নিবিড় পরিচর্যায় বাগানটি সফলতায় রূপ নেয়। ছোট ভাই আতিকুজ্জামান সবুজ কৃষি ডিপ্লোমা পড়ায় শুরু থেকেই কারিগরি পরামর্শ দিয়ে তাকে সহযোগিতা করছেন।
রাণীনগর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ জাহিদুল ইসলাম জানান, এ অঞ্চলের মাটি ও জলবায়ু বাণিজ্যিকভাবে ফল চাষের উপযোগী। আধুনিক পদ্ধতিতে কদবেলের মতো অপ্রচলিত ফলের চাষাবাদ অত্যন্ত লাভজনক, যা গ্রামীণ অর্থনীতি সচল করতে বড় ভূমিকা রাখছে। কৃষি বিভাগ থেকে এই বাগানটিকে নিয়মিত কারিগরি পরামর্শ দেয়া হচ্ছে।











