তানোরে শিক্ষক সমিতির অবসরকালীন চেক বিতরণ ও বার্ষিক ভোজ
তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির অবসরকালীন চেক বিতরণ ও বার্ষিক ভোজ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে এই সভার আয়োজন করা হয়।
সমিতির সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান।
সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও সাংগঠনিক সম্পাদক আল আমিন পলশের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রভাষক নুরুল ইসলাম, থানার তদন্ত ওসি মোয়াজ্জেম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার সায়মা আঞ্জুমান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোজাম্মেল হক খান প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক স্কুলের মোট ৩৩ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীর মাঝে ৮ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
প্রধান বক্তা তার বক্তব্যে শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা জাতি গড়ার কারিগর, কোনো দলবাজি বা অনৈতিক প্রভাবের আশ্রয় নেবেন না। শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের ভালো ফলাফলের দিকেই আপনাদের মূল নজর রাখতে হবে।











