ঢাকা | জুন ২১, ২০২৬ - ৪:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম

শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

  • আপডেট: Saturday, June 20, 2026 - 11:06 pm

স্টাফ রিপোর্টার: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি বলেছেন, বরেন্দ্র সভ্যতার ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষার্থীরা যেন এই প্রতিষ্ঠান থেকে অর্জিত মেধা ও উচ্চশিক্ষা কাজে লাগিয়ে নিজেদের সক্রিয়তায় বিকশিত হতে পারে এবং দেশ সেবায় ভূমিকা রাখতে পারে। বরেন্দ্র কলেজ ভবিষ্যতে এই অঞ্চলের শিক্ষা ও সংস্কৃতির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শনিবার সকালে রাজশাহী বরেন্দ্র কলেজ চত্বরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বরেন্দ্র অঞ্চলের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বরেন্দ্র অঞ্চল বাংলাদেশের অন্যতম প্রাচীন জনপদ, যার সভ্যতা প্রায় ৩ হাজার থেকে ৪ হাজার বছরের পুরোনো। এই অঞ্চলের সংস্কৃতি, ভাষা ও শিক্ষা প্রাচীনকাল থেকেই মানুষকে আলোকিত করেছে।

তিনি রাজশাহী অঞ্চলের মহান ত্যাগের ইতিহাস স্মরণ করে বলেন, ১৯৬৯-এর গণ-অভ্যুত্থানের শহিদ ড. জোহা এবং ১৯৭১-এর বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের রক্তে এই মাটি সমৃদ্ধ। তিনি কলেজের শিক্ষকদের প্রতি আহ্বান জানান, যেন তাঁরা শিক্ষার্থীদের এই সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত শিক্ষা প্রদান করেন।

মন্ত্রী জানান, বরেন্দ্র কলেজ সরকারিকরণের জন্য একটি উপযুক্ত অবস্থানে রয়েছে। এই প্রতিষ্ঠানটি যেন ভবিষ্যতে বিশ্বমানের মেধাবী শিক্ষার্থী তৈরি করতে পারে, সে লক্ষ্যে তাঁর প্রচেষ্টা অব্যাহত থাকবে।

রাজশাহী বরেন্দ্র কলেজের গভর্নিং বডির সভাপতি তৌফিকুর রহমান লাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

স্বাগত বক্তব্য দেন বরেন্দ্র কলেজের অধ্যক্ষ রণজিৎ কুমার সাহা। এছাড়াও অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক- শিক্ষার্থী, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের হাতে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড তুলে দেন মন্ত্রী।