ঢাকা | জুন ২১, ২০২৬ - ৪:৫২ অপরাহ্ন

শিরোনাম

নগরীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী গ্রেপ্তার

  • আপডেট: Friday, June 19, 2026 - 10:37 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে চোর সন্দেহে এক যুবককে স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় রাজশাহী নার্সিং কলেজের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজের চারু মামার ক্যানটিনের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রাকিবুল হাসান রকি (৩২)। তাঁর বাড়ি নগরীর হেতেমখাঁ কারিগরপাড়ায়। গ্রেপ্তার তিন শিক্ষার্থীর নাম আতিক, সৈয়ব ও ফাহিম।

শুক্রবার সকাল ১০টার দিকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে রাজপাড়া থানা-পুলিশ। এ নিয়ে নগরীর রাজপাড়া থানায় মামলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, চোর সন্দেহে শিক্ষার্থীরা রাকিবুল হাসানকে আটক করেন। এরপর স্টাম্প দিয়ে তাঁকে মারধর করা হয়। এতে দুই হাত, দুই পা ও পিঠে গুরুতর আঘাত পান রাকিবুল। পরে শিক্ষার্থীরাই রাত সাড়ে ৮টার দিকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেখানে চিকিৎসক রাকিবুল হাসানকে মৃত ঘোষণা করেন। পরে বিষয়টি পুলিশ জানতে পারে। শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজের মর্গে রাকিবুলের মরদেহের ময়নাতদন্ত করা হয়।

রাজশাহী নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এই ঘটনায় নিহত ব্যক্তির বোন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন। এই মামলায় শুক্রবার সকালেই রাজশাহী নার্সিং কলেজের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। মহানগর পুলিশের মিডিয়া শাখা থেকে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান ওসি।