ঢাকা | জুলাই ১০, ২০২৬ - ২:৩২ অপরাহ্ন

পাবনায় জোড়া খুনের মামলা দ্রুত নিম্পত্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

  • আপডেট: Thursday, June 18, 2026 - 11:58 pm

পাবনা প্রতিনিধি: পাবনার আলোচিত দাদি-নাতনি হত্যা মামলা দ্রুত নিম্পত্তি ও অভিযুক্তের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীসহ কয়েকটি গ্রামের নারী-পুরুষ।

বৃহস্পতিবার সকালে পাবনা-ঈশ্বরদী-রাজশাহী মহাসড়কের কালিকাপুর বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা।

এসময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার ঘটনাস্থলে গিয়ে নিহতদের স্বজন, এলাকাবাসী ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে দ্রুত সময়ের মধ্যে মামলার চার্জশিট প্রদানের আশ্বাস্ত করলে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করে।

কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, দাদিকে হত্যার পর নাতনিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার প্রায় চার মাস পেরিয়ে গেলেও মামলার দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান তারা।

গত ২৭ ফেব্রুয়ারি শুক্রবার দিনগত রাতের কোন এক সময় ঈশ্বরদী উপজেলার ভবানীপুর উত্তরপাড়া গ্রামে দাদি সুফিয়া বেগম কে হত্যার পর নাতনি জামিলাকে অপহর করে ধর্ষণের পর বাড়ির পাশে গম খেতে হত্যা করে।

পরদিন শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বাড়ির উঠানে দাদি সুফিয়া বেগমের রক্তাক্ত মরদেহ আর বাড়ি থেকে কিছু দূরের গম খেতে বিবস্ত্র অবস্থায় নাতনির মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পর নিহত দাদি সুফিয়া বেগমের মেয়ে মর্জিনা খাতুন বাদী হয়ে ঈশ্বরদী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। ঘটনার পর একই এলাকার রাব্বি মন্ডল, শরিফুল ইসলামসহ বেশ কয়েক জনকে আটক করে ডিবি পুলিশ। এদের মধ্যে শরিফুল ইসলাম হত্যার কথা স্বীকার করে।