ঢাকা | জুন ১৯, ২০২৬ - ৪:২১ পূর্বাহ্ন

প্রশাসনের অভিযানের পরও রাতে থেমে নেই মাটিকাটা

  • আপডেট: Thursday, June 18, 2026 - 11:59 pm

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে।

উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের আদমপুর এলাকায় একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে এ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ভোলাহাট উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিযান চালিয়ে মাটি কাটার স্থানে ব্যবহৃত ড্রেজারের ব্যাটারিসহ বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করেন। তবে প্রশাসনের ওই অভিযানের পরও অভিযুক্ত চক্রটি পুনরায় একই স্থানে রাতের আঁধারে ড্রেজার বসিয়ে মাটি কাটা শুরু করেছে।

অভিযোগ রয়েছে, জামবাড়ীয়া ইউনিয়নের একটি প্রভাবশালী অসাধু চক্র দীর্ঘদিন ধরে এই অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করছে। খাল ও নিম্নাঞ্চল ভরাটের কথা বলা হলেও বাস্তবে কাটা মাটি ট্রাক্টর ও ট্রলির মাধ্যমে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী কৃষিজমি ও পরিবেশের ক্ষতি করে অবাধে মাটি কাটা নিষিদ্ধ।

আইন অমান্য করে এভাবে মাটি কাটা চলতে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় সচেতন মহল। তাদের মতে, কৃষিজমির মাটি এভাবে অপসারণ করা হলে ভবিষ্যতে জমির উর্বরতা হ্রাসসহ সামগ্রিক কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এ বিষয়ে জানতে চাইলে সাবেক ইউপি সদস্য ইউসুফ আলী মাটি কাটার বিষয়টির সত্যতা স্বীকার করেন। তবে বিস্তারিত বিষয়ে পরে কথা বলবেন জানিয়ে তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন।

এদিকে ৪নং জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফাজ উদ্দিন পানু মিয়া বলেন, গভীর রাতে মাটি কাটার বিষয়টি আমার জানা নেই। তবে অবৈধ মাটি কাটা বন্ধে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করব, ইনশাআল্লাহ।

স্থানীয় বাসিন্দাদের দাবি, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় প্রশাসনের নিয়মিত নজরদারি ও কঠোর পদক্ষেপ ছাড়া এই অবৈধ মাটি কাটা বন্ধ করা সম্ভব নয়।