চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফুটবল খেলার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় ফুটবল খেলার সময় বজ্রপাতে অন্তর (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার বিকেল আনুমানিক ৪টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চক দৌলতপুর মণ্ডলটোলা এলাকায় হাজী আমিনুল মোল্লার আমবাগানে এ ঘটনা ঘটে। নিহত অন্তর একই এলাকার আব্দুল মান্নানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অন্তর তার বন্ধুদের সঙ্গে আমবাগানে ফুটবল খেলছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে তার সঙ্গীরা দ্রুত উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, আমাবাগানে খেলার সময় বজ্রপাতে নিহত হয়েছে এক যুবক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।











