রাজশাহী কলেজে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার: রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচির শুরুতে কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ গ্রন্থাগারের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন রাজশাহী মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির)। তিনি বলেন, স্বাধীনতাবিরোধী অপতৎপরতা ও ষড়যন্ত্র সম্পর্কে তারা অবগত। সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে কোনোভাবেই মব জাস্টিস প্রতিষ্ঠার সুযোগ দেয়া হবে না।
খালিদ বিন ওয়ালিদ বলেন, মব কালচার আর ফিরে আসবে না। যারা এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের সতর্ক থাকতে হবে। ভবিষ্যতে এ ধরনের অপচেষ্টা অব্যাহত থাকলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে তার জবাব দেবে। সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রাশিকুজ্জামান প্রীতমসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।











