ঢাকা | জুন ১৫, ২০২৬ - ৪:২৪ পূর্বাহ্ন

অসম চুক্তি বাতিল ও মেননের মুক্তির দাবিতে ঢাকায় বিক্ষোভ

  • আপডেট: Sunday, June 14, 2026 - 11:11 pm

সোনালী ডেস্ক: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের মুক্তির দাবি জানিয়েছে দলটির সর্বস্তরের নেতাকর্মী।

গত শনিবার রাজধানীর বিভিন্ন সড়কে আয়োজিত এক বিক্ষোভ মিছিল থেকে মার্কিন-বাংলাদেশ ‘অসম বাণিজ্যচুক্তি’ বাতিলের পাশাপাশি এই শীর্ষ নেতার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানানো হয়।

এর আগে দলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দলীয় কার্যালয় প্রাঙ্গণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিক।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর আহমদ বকুল মার্কিন-বাংলাদেশ বাণিজ্যচুক্তির তীব্র সমালোচনা করে অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের আমলে সম্পাদিত এই বাণিজ্যচুক্তি জাতীয় স্বার্থের পরিপন্থি।

তিনি বলেন, বর্তমান সরকার সংসদে এ বিষয়ে আলোচনা না করে চুক্তি নিয়ে ‘লুকোচুরি’ করছে, যা জনগণ মেনে নেবে না।

নুর আহমদ বকুল দাবি করেন, চুক্তির বিভিন্ন ধারা ও উপধারায় যুক্তরাষ্ট্রের প্রভাব ও কর্তৃত্ব প্রতিষ্ঠার সুযোগ রাখা হয়েছে, যা দেশের অর্থনৈতিক স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে। বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় স্বার্থবিরোধী যেকোনো চুক্তির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকল গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার ওপরও জোর দেন তিনি।

সমাবেশ শেষে দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতাকর্মীরা কারাবন্দি সভাপতি রাশেদ খান মেননের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়ার পাশাপাশি অবিলম্বে মার্কিন-বাংলাদেশ বাণিজ্যচুক্তি বাতিলের দাবি জানান।