ঢাকা | জুন ১১, ২০২৬ - ১১:০৩ অপরাহ্ন

পাবনায় ক্লাস চলাকালে মাথায় ফ্যান পড়ে শিশু শিক্ষার্থী আহত

  • আপডেট: Thursday, June 11, 2026 - 9:35 pm

পাবনা প্রতিনিধি: পাবনায় ক্লাস চলাকালে সিলিং ফ্যান খুলে মাথায় পড়ে এক শিশু শিক্ষার্থী আহত হয়েছে। আহত শিক্ষার্থী তামজিদ (১০) পাবনা শহরের অনন্ত এলাকার ফজলুল হকের ছেলে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে পাবনা পুলিশ লাইনস স্কুলের পঞ্চম শ্রেণিতে এ ঘটনা ঘটে।

স্কুলটির অন্য শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, টিফিন শেষে ক্লাস শুরু হয় সকাল ১০টা ২০ মিনিটে। ক্লাস চলাকালে সাড়ে ১০ টার দিকে স্কুলের দ্বিতীয়তলায় ৪০৩ নম্বর রুমে পঞ্চম শ্রেণির সিলিং ফ্যানটি হঠাৎ খুলে শিক্ষার্থী তামজিদের মাথার ওপর পড়ে। এতে তার মাথা ফেটে গুরুতর আহত হয়। স্কুলের শিক্ষকরা তাকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

আহত শিক্ষার্থী বলেন, ফ্যানটি আগে থেকে শব্দ হত। আমারা শিক্ষককে বলেছিলাম কিন্তু শিক্ষক কোন ব্যবস্থা গ্রহণ করেনি।

স্কুলটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুব আলম বলেন, আমরা শিশুটিকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থাপত্র ওষুধসহ অভিভাবককে ডেকে এনে বুঝিয়ে দিয়েছি। তার আঘাত খুব গুরুতর নয়। যেহেতু দুর্ঘটনা সে কারণে তার পিতার কোন অভিযোগ নেই।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরো বলেন, ঈদের ছুটি শেষে স্কুল খোলার পর আমি নিজে দাঁড়িয়ে থেকে প্রত্যেকটি সিলিং ফ্যান পরীক্ষা নিরীক্ষা করিয়েছি। একটা দুর্ঘটনা ঘটে গেছে। উল্লেখ্য, পাবনা পুলিশ লাইনস স্কুলের প্রাথমিকে ৭৩৯ ও মাধ্যমিক শাখায় ৮৬১ জন শিক্ষার্থী রয়েছে।