ঢাকা | জুন ১২, ২০২৬ - ৩:৩৫ পূর্বাহ্ন

পেঁয়াজ বীজ উৎপাদন বাড়াতে উপকরণ পেল পবার ১২০ কৃষক

  • আপডেট: Thursday, June 11, 2026 - 9:00 pm

স্টাফ রিপোর্টার: পবা উপজেলায় পেঁয়াজ বীজ উৎপাদন বাড়াতে ১২০ জন ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ কন্দ, সার ও সংরক্ষণ পাত্রসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এসব উপকরণ বিতরণ করা হয়। এ সময় নির্বাচিত কৃষকদের হাতে প্রণোদনার উপকরণ তুলে দেন পবা উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, শীতকালীন পেঁয়াজ বীজ উৎপাদনের লক্ষ্যে উপজেলার ১২০ জন কৃষককে এই সহায়তা দেওয়া হয়েছে। নির্বাচিত প্রতিটি কৃষক ২০ শতক জমিতে পেঁয়াজ বীজ উৎপাদনের জন্য ১৬০ কেজি পেঁয়াজ বীজ কন্দ, ২০ কেজি ডিএপি সার, ২০ কেজি এমওপি সার ও একটি করে বীজ সংরক্ষণ পাত্র পেয়েছেন। কৃষি অফিসের তথ্যমতে, এ কর্মসূচির আওতায় রাজশাহী জেলায় মোট ১ হাজার কৃষক সহায়তা পাবেন।

এর মধ্যে পবা উপজেলায় ১২০ জন কৃষক প্রণোদনার আওতায় এসেছেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালিউল্লাহ শাহ, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় কৃষকেরা।