ঢাকা | জুন ১১, ২০২৬ - ২:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম

মোহনপুরে মাহিন্দ্রা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০ জন

  • আপডেট: Wednesday, June 10, 2026 - 10:44 pm

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার খাড়ইল মিলঘর এলাকায় যাত্রীবাহী মাহিন্দ্রা ও ধানবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বুধবার সকাল সাড়ে ৯টার পর রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের খাড়ইল মিলঘর এলাকায়, খাড়ইল উচ্চ বিদ্যালয়ের কিছুটা সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার বাসিন্দা আবদুল্লাহ ফিরোজ। তিনি মোহনপুর উপজেলার কেশরহাট শাখা ইসলামী ব্যাংকের ক্যাশ ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, যাত্রীবাহী মাহিন্দ্রা গাড়িটি রাজশাহী শহর থেকে যাত্রী নিয়ে নওগাঁর দিকে যাচ্ছিল। অপরদিকে ধানবোঝাই একটি ট্রাক নওগাঁ থেকে রাজশাহীর দিকে আসছিল। খাড়ইল মিলঘর এলাকায় পৌঁছালে দুটি যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে মাহিন্দ্রা গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং এতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। ঘটনাস্থলেই আবদুল্লাহ ফিরোজের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আহত চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলেই নিহত আবদুল্লাহ ফিরোজের লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। নিহত অপর ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তাদের আটক এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।