ঢাকা | জুন ২, ২০২৬ - ১:১০ পূর্বাহ্ন

শিরোনাম

নগরীতে দিনদুপুরে বাসায় স্বর্ণালংকার ও টাকা চুরি

  • আপডেট: Monday, June 1, 2026 - 10:47 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে দিনের বেলায় এক বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ছাদের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চোরের দল স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে।

গত রোববার দুপুরে নগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকার রায়পাড়ায় ব্র্যাক ব্যাংকের এক সিনিয়র কর্মকর্তার ৭৬/২ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। বাড়ির মালিক আবুল কালাম আজাদ রোববার রাতে কাশিয়াডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কালাম আজাদ পরিবারসহ ঈদে গ্রামের বাড়িতে যান। এ সময় তার স্ত্রীর বড় ভাই সোহেলের পরিবারও ঈদ শেষে নিজ নিজ এলাকায় অবস্থান করছিলেন। বাসার দেখভালের দায়িত্বে ছিলেন সোহেল।

ঘটনার দিন দুপুরে সোহেল ব্যক্তিগত কাজে বাইরে গেলে এ সুযোগে চোরের দল ছাদের দরজা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে। পরে স্টিল আলমারি ও শোকেসের গোপন ড্রয়ার ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। বাড়ি ফিরে সোহেল প্রধান গেট খোলার চেষ্টা করলে ভেতর থেকে ছিটকানি লাগানো অবস্থায় দেখতে পান। পরে প্রতিবেশীদের সহযোগিতায় ছাদ দিয়ে ভেতরে প্রবেশ করলে পুরো বাসা এলোমেলো অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে পরিবারের সদস্যরা এসে দেখতে পান প্রায় ৬ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৩৫ হাজার টাকা চুরি হয়েছে। মোট ক্ষতির পরিমাণ প্রায় ১৩ লাখ টাকা বলে দাবি করা হয়েছে।

কাশিয়াডাঙ্গা থানা পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, যেখানে দুই থেকে তিনজনকে ছাদ দিয়ে নামতে দেখা গেছে। তবে ফুটেজে চোরদের পরিচয় স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও মালামাল উদ্ধারে অভিযান চলছে।