ঢাকা | জুন ১, ২০২৬ - ১১:৩৬ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীতে সেনাবাহিনীর অফিসার সেজে হোয়াটসঅ্যাপ হ্যাকিং, টাকা দাবি

  • আপডেট: Monday, June 1, 2026 - 10:46 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে এক ব্যক্তির হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে তার পরিচিতজনদের কাছে টাকা দাবি করার অভিযোগ পাওয়া গেছে। এই প্রতারণার শিকার হয়েছেন মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম মুন্সিপাড়া এলাকার বাসিন্দা আবু হেনা মোস্তফা কামাল (৫৯)। এ ঘটনায় তিনি কাশিয়াডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা গেছে, গত ২৬ মে আনুমানিক দুপুর ১টার দিকে আবু হেনা মোস্তফা কামাল তার নিজ বাসায় অবস্থান করছিলেন। এ সময় একটি অজ্ঞাত নম্বর (০১৬২৬১০৬৮১৩) থেকে তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে একটি কল আসে। ফোনের অপর প্রান্ত থেকে অজ্ঞাত ওই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর একজন অফিসার হিসেবে পরিচয় দেন। তিনি ভুক্তভোগীকে জানান যে, তার নম্বর থেকে সেনাবাহিনীর একটি গ্রুপে কিছু আপত্তিকর বা ‘বাজে’ মেসেজ গেছে।

প্রতারক চক্রের ওই সদস্য ভুক্তভোগীকে আশ্বস্ত করে বলেন, তিনি ফোনের এই কারিগরি ত্রুটি বা সমস্যাটি সমাধান করে দেবেন, যাতে পরবর্তীতে আর কোনো মেসেজ না যায়। সরল বিশ্বাসে আবু হেনা মোস্তফা কামাল তাকে সমস্যাটি সমাধান করার অনুরোধ জানালে, ওই ব্যক্তি তার মোবাইলে যাওয়া একটি ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) নম্বর জানতে চান। ভুক্তভোগী ওটিপি কোডটি জানিয়ে দেয়ার পরপরই ফোনের সংযোগটি কেটে দেয়া হয়।

পরবর্তীতে ভুক্তভোগী দেখতে পান যে, তার অজান্তেই তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ চলে গেছে অন্য কারও হাতে। শুধু তাই নয়, তার অ্যাকাউন্টের চ্যাটলিস্টে থাকা বিভিন্ন পরিচিত ব্যক্তির কাছে তার নাম ব্যবহার করে টাকা ধার চেয়ে মেসেজ পাঠানো হচ্ছে। প্রতারণা ও সাইবার হ্যাকিংয়ের বিষয়টি বুঝতে পেরে তিনি উক্ত নম্বরে যোগাযোগের চেষ্টা করলেও নম্বরটি বন্ধ পান।

এদিকে, বর্তমানে এই ধরনের ডিজিটাল প্রতারণা ও অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় পুলিশ প্রশাসন সাধারণ মানুষকে ওটিপি বা পিন নম্বর শেয়ার করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে। একই সাথে ঘটনাটির তদন্ত এবং জড়িত চক্রটিকে শনাক্ত করতে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।