ঢাকা | জুন ১, ২০২৬ - ১২:২৯ পূর্বাহ্ন

শিরোনাম

বাগমারায় খাসপুকুর অবৈধ দখলমুক্ত করে ইজারাগ্রহীতাকে বুঝিয়ে দিলেন এসিল্যান্ড

  • আপডেট: Sunday, May 31, 2026 - 11:01 pm

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারার দ্বীপপুর ইউনিয়নের নানসর মৌজার ‘চানপুকুর’ নামের একটি সরকারি খাসপুকুর অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

গতকাল রোববার দুপুরে পুকুরটিতে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করে ইজারাগ্রহীতা ‘বিলসুতী মৎস্যজীবী সমবায় সমিতি’র অনুকূলে এর দখল বুঝিয়ে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড সাইফুল ইসলাম ভুঞা।

এসময় বিলসুতী মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি দফাদার আমজাদ হোসেন, সদস্য আব্দুল জব্বার, বাদেশ আলী, আয়ের আলী, শাহিন আলম, রিপন, সিরাজুল ইসলাম, আশরাফুল ইসলাম ও শহিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট ভূমি অফিস সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রায় ২১ বছর যাবত নানসর মৌজার ১নং খতিয়ানভুক্ত ৬৯৯ নং দাগের এই খাসপুকুরটি অবৈধভাবে দখলে রাখা হয়েছিল। দ্বীপপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদের দুই ছেলে কলেজ শিক্ষক মোস্তাক আহম্মেদ ও ইটভাটা মালিক সোহরাব হোসেন তোতা এবং এলাকার প্রভাবশালী ব্যক্তি মোজাহার আলী ও রহমতুল্লাহর নেতৃত্বে দলীয় প্রভাব খাটিয়ে পুকুরটিতে মাছ চাষ করা হচ্ছিল। কিন্তু দীর্ঘ এই সময়ে তারা সরকারি কোষাগারে কোনো রাজস্ব বা অর্থ জমা দেননি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভুঞা বলেন, চলতি অর্থ বছরে বাগমারার সরকারি খাস জলাশয় ইজারা প্রদানের নিমিত্তে উপজেলা জলমহাল ইজারা কমিটি দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করে।

এতে সর্বোচ্চ দরদাতা হিসেবে ‘বিলসুতী মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড’ পুকুরটি নিয়ম অনুযায়ী ইজারা পায়। এরপর জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক, পুকুরটিতে ২০০ কেজি মাছের পোনা অবমুক্ত করে ইজারা প্রাপ্ত সমিতির অনুকূলে বিলটির প্রকৃত দখল বুঝিয়ে দেয়া হয়েছে।