ঢাকা | জুন ১, ২০২৬ - ১২:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম

বাগমারায় কৃষি জমিতে অবৈধ পুকুর খনন, ১ জনকে কারাদণ্ড

  • আপডেট: Sunday, May 31, 2026 - 11:06 pm

বাগমারা প্রতিনিধি: বাগমারায় অবৈধভাবে পুকুর খনন ও কৃষি জমির মাটি বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এসময় সিরাজুল ইসলাম শাকিল নামে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে এবং একটি ভেকু মেশিন অকেজো করা হয়েছে।

রোববার বিকালে উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল বাজারের উত্তর পাশে জমিদার বাড়ির কাছে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে কৃষিজমির মূল্যবান টপসয়েল কেটে মাটি বিক্রি করছে। এতে ফসলের ক্ষতি সাধিত হচ্ছে এবং মাটি পরিবহনের ফলে স্থানীয় সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।

এসময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন ঘটনাস্থলেই অকেজো করা হয়। পাশাপাশি সিরাজুল ইসলাম শাকিল (২৬) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, একই স্থানে এর আগে সাতবার অভিযান চালানো হয়েছে এবং ছয়টি ভেকু মেশিন অকেজো করা হয়েছে। তবুও একটি প্রভাবশালী মাটি সিন্ডিকেট অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা, হাটগাঙ্গোপাড়া পুলিশ ফাড়ি এসময় সহযোগিতা করে।