রাজশাহীতে শহীদ জামিলের ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার: ‘সাম্রাজ্যবাদ, মৌলবাদ ও উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ে শহীদ জামিল আক্তার রতন সবসময় প্রাসঙ্গিক।’
১৯৮৮ সালের এই দিনে উগ্র সাম্প্রদায়িক শক্তির নির্মম আঘাতে নিহত বাংলাদেশ ছাত্র মৈত্রীর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) শাখার তৎকালীন সভাপতি ও পঞ্চম বর্ষের মেধাবী ছাত্র শহীদ জামিল আক্তার রতনের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি সভায় বক্তারা এসব কথা বলেন।
দিবসটি উপলক্ষে রোববার ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগর ও জেলা কমিটির যৌথ উদ্যোগে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, শহীদ জামিল যে অসাম্প্রদায়িক ও প্রগতিশীল বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়নে ছাত্র ও যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে উগ্রবাদী শক্তির বিরুদ্ধে রাজপথে সোচ্চার থাকতে হবে।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুল মতিন, মনির উদ্দিন পান্না, মনিরুজ্জামান মনির, মহানগর কমিটির সদস্য রিয়াজ আহমেদ তুর্কি, সীতানাথ বণিক, আলমগীর হোসেন আলম, ছাত্র মৈত্রী রাজশাহী মহানগরের সভাপতি ওহিদুর রহমান।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শাহীন শেখ, যুবনেতা খুরশেদ ও রুবেল, পার্টি নেতা পরশ ও সোহেল, শ্রমিক নেতা মনজুর, ছানা, সাইফুল, কমরেড মনিরুল এবং সাবেক ছাত্রনেতা রওশন আলীসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।











