রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত: দেশ ও জাতির সমৃদ্ধি কামনা
স্টাফ রিপোর্টার: যথাযথ ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রাজশাহীতে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় মহানগরের ঐতিহাসিক হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
গুরুত্বপূর্ণ এই ঈদ জামাতে সাধারণ মুসল্লিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন ভূমিমন্ত্রী ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিভাগীয় কমিশনার আ.ন.ম বজলুর রশীদ এবং ডিআইজি মোহাম্মদ শাহজাহান।
এছাড়াও জামাতে অংশ নেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এ্যাড. এরশাদ আলী ঈশা, আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির এবং সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নামাজ শেষে সমগ্র দেশ, জাতি তথা রাজশাহী মহানগরবাসীর সুখ, শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।











