ঢাকা | মে ৩০, ২০২৬ - ১২:২১ পূর্বাহ্ন

শিরোনাম

শহরে বৃষ্টি: বর্জ্য ধুয়ে স্বস্তি মিললেও নিচু এলাকায় সাময়িক ভোগান্তি

  • আপডেট: Friday, May 29, 2026 - 9:55 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে দুপুরের মুষলধারে বৃষ্টিতে একদিকে যেমন কোরবানির বর্জ্য ধুয়ে-মুছে সাফ হওয়ায় জনমনে স্বস্তি এসেছে, অন্যদিকে তেমনি নগরীর নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতায় তৈরি হয় নাগরিক ভোগান্তি।

শুক্রবার দুপুর আড়াইটা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত নগরীতে এই টানা ভারী বর্ষণ চলে।

স্থানীয় বাসিন্দারা জানান, ঈদের পর কোরবানির বর্জ্য নিয়ে যে সাময়িক অস্বস্তি ছিল, এই ভারী বৃষ্টির কারণে তা পুরোপুরি কেটে গেছে। রাস্তাঘাট ধুয়ে-মুছে পরিষ্কার হয়ে সমস্ত বর্জ্য ড্রেনে মিশে চলে গেছে। একে একটি বড় ধরনের প্রাকৃতিক স্বস্তি হিসেবে দেখছেন নগরবাসী।

তবে এই স্বস্তির উল্টো পিঠে নগরবাসীকে পড়তে হয় জলাবদ্ধতার সাময়িক ভোগান্তিতে। একটানা দেড় ঘণ্টার ভারী বৃষ্টির কারণে নগরীর বেশ কিছু নিচু এলাকায় পানি জমে যায়।

এতে রাস্তাঘাটে চলাচলরত সাধারণ মানুষ, চালক ও পথচারীদের কিছু সময় দুর্ভোগ পোহাতে হয়। বিকেল ৪টায় বৃষ্টি থামলেও নিচু এলাকাগুলোর পানি নামতে কিছুটা সময় লাগায় সাময়িক এই ভোগান্তি আরও কিছুক্ষণ স্থায়ী হয়।

এ বিষয়ে রাজশাহী আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শুক্রবার বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নগরীতে ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সোনালী/জগদীশ রবিদাস