শিবগঞ্জে স্তুপকৃত অবৈধ মাটি-ভেকু জব্দ
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের দানিয়ালগাছি ২১ মৌজার ১৭১ নম্বর দাগের পুকুরটি সরকারি সায়রাত মহলভুক্ত যা নিয়মিত ইজারা প্রদান করা হয়েছে। এরই প্রেক্ষিতে ১৪৩৩-৩৫ বঙ্গাব্দ মেয়াদে ইজারার জন্য বিজ্ঞপ্তি প্রদান করা হলে ইজারা গ্রহণ করেন কর্ণখালি মৎস্যজীবী সমবায় সমিতি। জানা যায়, ইজারা প্রদানের পর উপজেলা ভূমি অফিসে ওই সায়রাত মহলে সরকারের বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞা আছে জানিয়ে সংশ্লিষ্ট মামলার রায়ের ফটোকপি জমা দেন এক ব্যক্তি। তবে ওই মামলার নিষেধাজ্ঞার বিষয়ে কোর্টের কোন রায়ের তথ্য অত্র অফিসে পূর্বে ছিলনা।
এদিকে দাখিল করা কাগজে উল্লেখ রয়েছে, নালিশী জমি নিয়ে ৫০/২০০৭ নং অঃ প্রঃ মোকদ্দমায় ২৪-০৮-২০২৬ তারিখ রায়ে বিবাদী পক্ষকে (বাংলাদেশ সরকার) নালিশী জমিতে অনুপ্রবেশ করা হতে বিবাদী পক্ষকে চিরস্থায়ীভাবে নিষেধ করা হলো। মর্মে আদেশ দেখা যায়। আদালতের রায়ের আদেশ থাকায় ওই জমিতে সরকারের পক্ষে ইজারা কার্যক্রম চলমান রাখার সুযোগ নেই এবং উপজেলা জলমহাল কমিটির সর্বসম্মতিক্রমে ওই সায়রাত মহালটির ইজারা কার্যক্রম স্থগিত করা হয়। ওই পুকুর পুনঃখনন কিংবা সংস্কারের কোন ধরনের অনুমতি উপজেলা প্রশাসন থেকে দেয়া হয়নি বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।
তিনি বলেন, অবৈধ খনন কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট কর্ণখালি মৎস্যজীবী সমবায় সমিতি সম্পূর্ন অবৈধভাবে কোন ধরণের অনুমতি ব্যতিরেকে স্বউদ্যোগে রাতের আধারে খনন করে দাইপুকুরিয়া ইউনিয়নের নয়াগ্রাম এলাকায় জমা করে রাখে। বিষয়টি প্রশাসন নজরে আসার সাথে সাথে অবৈধ পুকুর খনন বন্ধ করে উত্তোলিত মাটি সরকারের জিম্মায় গ্রহণ করে। সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে স্তুপকৃত অবৈধ মাটি ও একটি এক্সক্যাভেটর মেশিন জব্দ করে দাইপুকুরিয়া ইউনিয়ন চেয়ারম্যানের জিম্মায় প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ। পুকুরটি অবৈধভাবে খনন কার্যক্রমের সঙ্গে উপজেলার কোন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রশাসনের কোন সংশ্লিষ্টতা নেই বলেও জানান ইউএনও।











