ঢাকা | মে ২৫, ২০২৬ - ১০:৪৩ অপরাহ্ন

বনলতা এক্সপ্রেসে বিশেষ অভিযানে বিনা টিকিটের ৪৩৪ যাত্রীর জরিমানা

  • আপডেট: Monday, May 25, 2026 - 10:26 pm

স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা সামনে রেখে টিকিট ছাড়া ননস্টপ আন্তঃনগর ট্রেনে ভ্রমণের দায়ে ৪৩৪ জন যাত্রীর কাছ থেকে জরিমানাসহ ভাড়া আদায় করেছে পাকশী বিভাগীয় রেলওয়ের সদর দপ্তর। এতে একটি ট্রেন থেকে রাজস্ব আয় হয়েছে ৩ লাখ ৩৯ হাজার ১৯২ টাকা। গতকাল সোমবার দুপুরে পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

গত রোববার ৭৯২/৭৯১ রাজশাহী-ঢাকা-রাজশাহীর মধ্যে চলাচলকারী ননস্টপ আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদের নির্দেশে পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলমের সার্বিক ব্যবস্থাপনায় পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) হাসিনা খাতুনসহ রেলওয়ে ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শকসহ রেলওয়ের নিরাপত্তাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) হাসিনা খাতুন জানান, গত রোববার ঢাকা-রাজশাহীর রুটে চলাচলকারী ননস্টপ আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনে বিশেষ অভিযান চালানো হয়। এসময় বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ৪৩৪ জন যাত্রীর কাছ থেকে ৩ লাখ ৩৯ হাজার ১৯২ টাকা রাজস্ব আয় করেছে পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক বিভাগ। ভাড়া বাবদ আয় করা হয় ১ লাখ ৭০ হাজার ৫৩৩ টাকা। জরিমানা বাবদ আয় হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৬৫৯ টাকা।

পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম জানান, ঈদে অল্প সময়ে, কম ভোগান্তিতে ট্রেন ভ্রমণ স্বাচ্ছন্দ্যদায়ক ও নিরাপদ বলে ভ্রমণপ্রিয় ট্রেন যাত্রীরা সড়কপথের চাইতে ট্রেন ভ্রমণ করে। টিকিটধারী যাত্রী যেন নির্বিঘ্নে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারে, তার জন্য পাকশী বিভাগীয় রেলওয়ের প্রতিটি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা নিরলসভাবে কাজ করছি।

ডিআরএম আরও জানান, টিকিট ছাড়া ট্রেন ভ্রমণ নিরুৎসাহিত করতে পাকশী বিভাগীয় রেলওয়ের আওতাধীন সব যাত্রীবাহী ট্রেনে বিশেষ অভিযান চলছে। বিনা টিকিটে ট্রেন ভ্রমণ রোধ করে রাজস্ব আয় বৃদ্ধিতে পাকশী বিভাগীয় বাণিজ্যিক দপ্তরের অভিযান অব্যাহত রয়েছে।