পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খনন বন্ধে প্রশাসনের অভিযান
পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার মাহেন্দ্রা এলাকায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খনন ও টপসয়েল কাটা প্রতিরোধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় আবাদযোগ্য কৃষিজমির মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর যান্ত্রিকভাবে অকেজো করে দেয়া হয়।
গত শনিবার রাত সাড়ে ১০টা থেকে রাত ১২টা ৪০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস সুমিত। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হাইকোর্টের নির্দেশনা অমান্য করে অনুমতি ছাড়াই কৃষিজমির শ্রেণি পরিবর্তনের উদ্দেশ্যে মাটি কাটা হচ্ছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর অকেজো করে দেয়া হয় এবং অবৈধভাবে মাটি কাটা বন্ধ করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, ফসলি জমির টপসয়েল কাটা কৃষি উৎপাদনের জন্য মারাত্মক হুমকি। কোনোভাবেই আবাদযোগ্য জমি নষ্ট করতে দেয়া হবে না। কৃষিজমি রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে। এর পাশাপাশি ঘটনায় অনুমতি ছাড়া জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে জমির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান জানান, উপজেলা জুড়ে ফসলি জমির টপসয়েল কাটা ও কৃষিজমি বিনষ্টের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।











